ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বিরোধী জনমত সৃষ্টির লক্ষ্যে একটি নতুন ওয়েব সাইট চালু করেছে কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভলপমেন্ট অ্যান্ড রিসার্চ (সিইডিএআর)। www.nocorruptionbd.orgঠিকানার এই সাইটে জনসাধারণ দুর্নীতির বিরুদ্ধে মত প্রকাশ করতে পারবে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বুধবার বিকেলে সাইটের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে হাসান মশহুদ বলেন, "সবাই মিলে সামগ্রিকভাবে চেষ্টা করলে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশে-বিদেশে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি করা যাবে।"
সিইডিএআর সভাপতি কাজী শের মোহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এরোমা দত্ত, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/বিআর/এএল/এসএনডি/১৯৪০ ঘ.
bdnews24