ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ঢাকা কলেজে মঙ্গলবারের সহিংসতার জেরে বুধবারও ছাত্র ও পুলিশের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।
ছাত্র-শিক্ষকদের ওপর আগের দিনের পুলিশী হামলার প্রতিবাদে বুধবার বেলা পৌনে ১১টার দিকে শতাধিক ছাত্র কলেজের ভেতর থেকে মিছিল নিয়ে মিরপুর সড়কের ওপর অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এনিয়ে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এসময় ছাত্ররা কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত থেকে আট রাউন্ড কাদানো গ্যাস ছোড়ে। পরে কয়েকজন শিক্ষক এসে ছাত্রদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে এনিয়ে কলেজের ভেতর উত্তেজনা বিরাজ করছে।
সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ছাত্ররা রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন " আমরা ছাত্র-শিক্ষকের ওপর পুলিশের মঙ্গলবারের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার মিরপুর সড়কে আধ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচী ঘোষণা করি। এই কর্মসূচী পালনের জন্য রাস্তায় গেলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়।"
এদিকে কলেজ কর্তৃপক্ষ আগের দিনের ঘটনা নিয়ে বুধবার প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক করে। বৈঠকে কলেজের শিক্ষক অধ্যাপক রোকসানা খাতুনের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এছাড়া কলেজের সামনে স্পিডব্রেকার তৈরির দাবি ও বিনা অনুমতিতে কলেজের ভেতর পুলিশের প্রবেশ ও হামলায় নিন্দাপ্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠক শেষে অধ্যাপক বশিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
ভাড়া ও বইকেনা নিয়ে বিতণ্ডার জের হিসেবে মঙ্গলবার পরিবহন শ্রমিক ও স্থানীয় হকারদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্র-শিক্ষকের নির্বিচারে লাঠিপেটা করে। পুলিশের পিটুনিতে ছাত্র-শিক্ষকসহ প্রায় অর্ধশত আহত হয়েছেন। আহত চার শিক্ষকের মধ্যে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল আলম খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএ/এসকে/১৩৪১
bdnews24