২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 07:43 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

নোয়াখালী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশেদ হাসান (৩০) নামে ওই সন্ত্রাসীকে মঙ্গলবার রাতে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। বুধবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জের চৌরাস্তার একটি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন রাজু (১৮) কাজ শেষ করে বাড়ি ফেরার পথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চিহ্নিত সন্ত্রাসী রাশেদ হাসানের মটর সাইকেলের সামনে পড়ে। ওই সময় রাজুকে গালি দেয় রাশেদ। রাজু প্রতিবাদ করলে রাশেদ তার পকেট থেকে রিভলবার বের করে রাজুকে লক্ষ করে গুলি চালায়। সে গুলি গিয়ে লাগে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী ইকোনো সার্ভিসের একটি বাসে। ওসি আসলাম হোসেন জানান, গুলির শব্দ পেয়ে চৌরাস্তায় টহলরত বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক মো. হান্নান এবং স্থানীয়রা রাশেদকে ধাওয়া করলে সে কাছের বিসিক শিল্প নগরীতে অবস্থিত তার বোনের বাসায় আশ্রয় নেয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু সাংবাদিকদের বলেন, "হঠাৎ করেই রাশেদ আমাকে লক্ষ করে গুলি চালায়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।" রাশেদের কাছ থেকে যুক্তরাজ্যে তৈরী একটি বিদেশি রিভলবার এবং ৪ রাউন্ড বুলেট পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তা আসলাম হোসেন জানান। রাশেদ চাটখিল পৌরসভার কমিশনার হুমায়ুন কবিরের ছেলে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার তাকে নোয়াখালীর বিচার বিভাগীয় হাকিমের আদালতে চালান দিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৯ ঘ.