ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্ল্যাহ এবং ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জাফরুল্ল্যাহর বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়া এবং ওবায়দুল করিমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এ পরোয়ানা জারি করেছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক।
গত ৯ মার্চ জাফরুল্ল্যাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, দুদক চলতি বছরের ২৮ জানুয়ারি কাজী জাফরুল্ল্যাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু তিনি নোটিশ পেয়েও সম্পদের হিসাব দেননি।
গত বছর ৮ অক্টোবর রমনা থানায় ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এতে অভিযোগ করা হয়েছে, ওবায়দুল করিম তার হিসাব বিবরণীতে ৪৬ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি ঘোষিত আয়ের বাইরে ৫০ কোটি ৯২ লাখ ৫ হাজার ৪৮০ টাকার সম্পদের মালিক হয়েছেন।
জাফরুল্ল্যাহ ও ওবায়দুল করিম দুজনকেই মামলায় পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24