ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু'দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ১০ টার পরপর সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোট নেওয়া চলবে। মঙ্গলবারও একই নিয়মে ভোটগ্রহণ চলবে। মঙ্গলবার রাতে ঘোষণা করা হবে ফল। (আরো তথ্যসহ)
সভাপতি পদপ্রার্থী এ কে মুজিবুর রহমান ও অ্যাডভোকেট আসাদুল্লাহ ছিলেন দুই প্রথম ভোটার। সমিতি এবারই প্রথম তাদের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্সের প্রচলন করল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৪ ও ২৫ মার্চ। কিন্তু সরকার ২৩ মার্চ নিষেধাজ্ঞা আরোপ করায় তা হয়নি। ২৪ মার্চ সরকারের সঙ্গে সমিতির সমঝোতা বৈঠকে ২৮ ও ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ পুনঃনির্ধারন করা হয়েছিল।
নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ কে মুজিবর রহমান, হুমায়ুন হোসেন খান, সিরাজুল ইসলাম খান ও সাইফুর রেজা প্রার্থী হয়েছেন।
সম্পাদক পদের প্রার্থীরা হচ্ছেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান, নুরুল ইসলাম সুজন, এ বি এম বায়েজীদ, এ কে এম জহিরুল হক ও এ এস এম আবুল হোসেন।
এছাড়া সহ সভাপতির দুইটি পদে ছয় প্রার্থী, কোষাধ্যক্ষর একটি পদে দুই প্রার্থী, সহ সম্পাদকের দুই পদে পাঁচ প্রার্থী এবং সাতটি সদস্য পদে চৌদ্দজন প্রার্থী হয়েছেন। এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১ হাজার ৭শ' ৮০ আইনজীবী।
নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জোরদার নিরাপত্তা বজায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১০২৮ঘ.
bdnews24