বরিশাল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে রুপালী ব্যাংকের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড শাখা থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ঋণ উত্তোলন করার অভিযোগে করা মামলায় ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. শহিদুল্লাহ রোববার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অপর তিন আসামি বর্তমানে কারাগারে আছেন।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- সদর রোড শাখার সাবেক ব্যবস্থাপক মো. আব্দুল খালেক, ওই শাখার সাবেক কর্মকর্তা ও বর্তমানে পিরোজপুরের ইন্দ্রেরহাট শাখার ব্যবস্থাপক এ কে এম শামসুল আজাদ, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা বিপ্লব ঘোষ, সাবেক মুখ্য কর্মকর্তা ও বর্তমানে পটুয়াখালী ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, নগরীর আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালের মালিক ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর আহ্বায়ক জান্নাতুন নেছা নয়ন ও তার স্বামী অনি এন্টারপ্রাইজজের মালিক এসএম ইউনুস।
কারাগারে রয়েছেন- রুপালী ব্যাংক এর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড শাখা ব্যবস্থাপক মো. শামছুর রহমান, ঐ শাখার মুখ্য কর্মকর্তা মো. মকবুল হোসেন, নিরীক্ষা ও পরিদর্শক সেলের সাবেক সিনিয়র মুখ্য কর্মকর্তা মো. আব্দুর রব। রোববার আব্দুর রব আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শামসুর রহমান ও মকবুল হোসেন এপ্রিল মাসের মাঝামাঝি আত্মসমর্পণ করেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি জান্নাতুন নেছা নয়ন তার ৩ কোটি টাকার একটি স্থায়ী আমানতের বিপরীতে অতিরিক্ত আরও ২২ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১০৯ টাকা ঋণ নেন।
পরবর্তী সময়ে অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি ধরা পড়লে ২০০৬ সালের ১৬ মার্চ রুপালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল হক হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
এ ঘটনার পর ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল হককে সাময়িক বরখাস্ত করেন।
দুনীতি আইনের ৫ (২) ধারায় দায়ের হওয়া মামলাটি দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্তের দায়িত্ব নেয়। বরিশাল দুদকের বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হককে গত দুই মাস আগে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ৬ এপ্রিল তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24