২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গেটওয়ে ও চ্যানেল ব্যাংকসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর আছদগঞ্জ এলাকার একটি আবাসিক ভবন ও আন্দরকিল্লা মোড়ের একটি হোটেলে রোববার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আছদগঞ্জ এলাকার একটি আবাসিক ভবন ও আন্দরকিল্লা মোড়ের একটি হোটেলে রোববার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। (আরও তথ্যসহ) র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে কোতয়ালি থানা এলাকার ২৭ আছদগঞ্জ এর একটি পাঁচ তলা আবাসিক ভবনে অভিযান চালানো হয়। ভবনটির দোতলার একটি কক্ষ থেকে দুটি চ্যানেল ব্যাংক, দুটি গেটওয়ে, ২৫ টি টেলুলার সেট, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত চ্যানেল ব্যাংক দুটিরই আনুমানিক দাম ৪০ লাখ টাকা। এগুলো অবৈধভাবে বিদেশ থেকে আমদানি করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত সরঞ্জামের দাম ৪৫ লাখ টাকা হতে পারে। শেখ শরীফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই ভবন থেকে নিয়মিত অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। তবে অভিযানকালে এ ব্যবসার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। তিনি জানান, রোববার ভোর রাতে নগরীর আন্দরকিল্লার মোড়ে একটি হোটেল থেকে আরও কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা মোড়ের হোটেল সিটি টাওয়ারের ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে একটি চ্যানেল ব্যাংক, একটি কোয়ান্টাম, সাতটি টেলুলার সেট এবং দুই বস্তা তার উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের আনুমানিক দাম ২৩ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪৪ ঘ.