ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আবহাওয়া উপযোগী ও সহিষ্ণু প্রজাতির ধান চাষের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা সিএস করিম।
রোববার 'খামার বাড়ি' তথ্য সার্ভিস মিলনায়তনে এগ্রিকালচার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম আয়োজিত 'বোরোর বাম্পার ফলন: ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যত করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে আবহাওয়া উপযোগী ও সহিষ্ণু প্রজাতির ধান চাষ করতে হবে। ইতোমধ্যে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা সহনশীল বিআর-৪৭ ও মঙ্গাপ্রবণ এলাকায় স্বল্পতম সময়ে ফলনশীল বিআর-৩৩ ধান চাষ শুরু হয়েছে।"
খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী বাজেটে কৃষি খাতের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার আশ্বাস দেন তিনি।
উপদেষ্টা বলেন, "কৃষি খাত এখন অনেক বেশি বাণিজ্যিক। দেশ ও কৃষকের স্বার্র্থে এ খাতকে যথাযথ পৃষ্ঠপোষকতা দিতে হবে। খাদ্য নিরাপত্তা দিতে হলে কৃষি কাজের বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।"
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব জানান, নতুন প্রাকৃতিক দুর্যোগ না হলে দেশে চলতি বোরো মৌসুমে প্রায় এক কোটি ৭০ লাখ টন চাল উৎপাদিত হবে যা গত মৌসুমের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গত মৌসুমে উৎপাদন ছিল এক কোটি ৫৯ লাখ ৫০ হাজার টন।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আবাসিক প্রতিনিধি আড স্পাইকার্স বলেন, "সরকার কৃষকদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলেই কেবল ভালো উৎপাদন সম্ভব। তাই এটা নিশ্চিত করা জরুরি।"
এগ্রিকালচার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মো. আশরাফ আলীর সভাপতিত্বে ও কৃষি ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিকের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব আব্দুল আজিজ, আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের (ইরি) আবাসিক প্রতিনিধি জয়নুল আবেদিন, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, কৃষি স
bdnews24