২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যতই চাপ দেওয়া হোক, রাজনীতি ছাড়বো না: হাসিনা

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যতই চাপ দেওয়া হোক রাজনীতি থেকে তাকে কেউ সরাতে পারবে না। রোববার মিগ-২৯ দুর্নীতি মামলায় সংসদ ভবনে স্থাপিত ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে আইনজীবীদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যতই চাপ দেওয়া হোক রাজনীতি থেকে তাকে কেউ সরাতে পারবে না। রোববার মিগ-২৯ দুর্নীতি মামলায় সংসদ ভবনে স্থাপিত ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে আইনজীবীদের তিনি একথা বলেন। আইনজীবী কামরুল ইসলাম বলেন, "শেখ হাসিনা বলেছেন, 'আমি রাজনীতি থেকে অবসর নেবো না। কারো কথায় রাজনীতি ছাড়বোনা। যতই চাপ দেওয়া হোক রাজনীতি আমি ছাড়বো না। আর রাজনীতি করবো কি করবো না তা দেশের জনগণ এবং আমি সিদ্ধান্ত নেবো। কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমি মানবো না।" এই মামলায় প্রায় এক ঘন্টা শুনানির পর আদালত আইনজীবীদের সঙ্গে শেখ হাসিনাকে কথা বলার অনুমতি দেন। পরে আদালতের বাইরে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান কামরুল ইসলাম, সাহারা খাতুন এবং আব্দুল মান্নান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের এ অবস্থার মধ্যে তার রাজনীতি ছেড়ে দেওয়া ঠিক হবেনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দারিদ্র বিমোচন করা হয়েছিল দাবি করে হাসিনা বলেন, ১০ টাকা চাল এবং ৪০ টাকায় তেল দেওয়া হয়েছিল। সেই চালের মূল্য এখন ৪০ টাকা এবং তেল ১২০ টাকা। শনিবার ড. কামাল হোসেনের 'দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজ রাজনীতিকদের যারা মুক্তি দাবি করে তাদেরও বিচার করা উচিত' মন্তব্যের ব্যাপারে শেখ হাসিনা বলেন, "ড. কামাল হোসেন কালো টাকা যে সাদা করেছেন সেই কালো টাকা তিনি কোত্থেকে পেয়েছেন।" আরো ৭ দিন স্কয়ার হাসপাতালে থাকার জন্য ডাক্তাররা সুপারিশ করলেও তা না মেনে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "হঠাৎ করেই শনিবার বিকালে আমাকে কারাগারে যাওয়ার জন্য বলা হয়। অথচ আমার বাঁ চোখ নষ্ট হওয়ার পথে। কানের অবস্থাও ভাল না।" ন্যায় বিচার পেলে তিনি বেকসুর খালাস পাবেন বলেও আবারো দাবি করেছেন শেখ হাসিনা। আত্মীয় স্বজন এবং আইনজীবীদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/জিএনএ/১৩৩৬ ঘ.