চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকাপাড়া এলাকা থেকে বুধবার রাতে একটি ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মোখলেসুর রহমান জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মো. মনসুর আলীর ছেলে। র্যাবের দাবি মোখলেসুর রহমান অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাব-৫ এর কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসপি) আনোয়ার জানান, অস্ত্র বেচা কেনা হচ্ছে- গোপন সূত্রে এ খবর পেয়ে রাত ১০ টার দিকে উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের কাছে একটি আমবাগানে অভিযান চালানো হয়। সেখানে দুই অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছিলেন।
র্যাব সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তাদের একজন র্যাবের এক সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
আটক মোখলেসুর রহমানকে র্যাব-৫ এর রাজশাহী দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব কর্মকর্তা আনোয়ার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24