নারায়নগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে পুলিশ রিমান্ডে থাকা আসামি ফকির চাঁনের মৃত্যুর ঘটনায় এক সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ জানান, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীমের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার পরই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, এএসপি জান্নাতুল হাসানকে পুলিশ সদর দপ্তরে এবং সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মামুন উর রশীদ ও এসআই সাইফুল ইসলামকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
গত ১৮ এপ্রিল রাতে পুলিশ রিমান্ডে থাকা ছিনতাই মামলার আসামি ফকির চাঁন মারা যান। নিহতের স্ত্রীর অভিযোগ, পুলিশের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24