সিরাজগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বুধবার গভীররাতে এক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর এলাকার লাল মিয়া (৩৫), কাকলবাড়ি গ্রামের খর ব্যবসায়ী রহিমুদ্দীন (৫০), এরশাদ আলী (৩০), রেজাউল (২৫), রতন (২০), জাহাঙ্গীর (৩৫), মোসলেম (২২) এবং শরিয়তপুর জেলার টমাটো ব্যবসায়ী ফয়জার সরকার (৬০)।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাতপুর ব্রীজ এলাকায় বুধবার রাতে খর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী অপর একটি টমেটো বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুইটি ট্রাকই রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।"
এতে ঘটনাস্থলেই খর বহনকারী ট্রাকের চালক লালমিয়াসহ উভয় ট্রাকের মোট সাতজন নিহত এবং সাতজন আহত হয়। পরে হাসপাতালে নেবার পথে ফয়জার সরকার মারা যান।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানায় পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/জিএনএ/১২২৯ ঘ.
bdnews24