নেত্রকোনা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার পায়রলা এলাকায় বুধবার জিপ ও ট্রাকের মুুখোমুখী সংঘর্ষে তিনজন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন।
নিহতরা হলেন- নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের স্ত্রী বুলবুলা বেগম (৪০), তাদের ছেলে তাহা (১০) ও জিপের চালক কামাল আহমেদ (৪০)।
আহতরা হলেন- প্রকৌশলী রফিকুল ইসলাম, তাদের ছোট ছেলে ও কাজের মেয়ে। তাৎক্ষণিকভাবে ছেলে ও কাজের মেয়ের নাম জানা যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় এরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল ইসলাম তার স্ত্রী, ছেলে ও কাজের মেয়েসহ নেত্রকোনা থেকে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তাদের বহনকারী জিপটি পায়রলা এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিপটি দুমড়েমুচড়ে যায়।
ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১১ ঘ.
bdnews24