চাঁদপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারণ ক্ষমতার চেয়ে বেশি আলু রাখায় চাঁদপুরের পাটওয়ারী হিমাগারের আলুতে পচন ধরেছে। এ কারণে বিপুল ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।
শহরের ইচলী এলাকার পাটওয়ারী কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত ছয় হাজার বস্তা পঁচা আলু আলাদা করেছে তারা।
ওই হিমাগারের মনছুর আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মোট পাঁচশ বস্তা আলু ওই হিমাগারে রেখেছেন। এর মধ্যে ১৮০ বস্তাতেই পচন ধরেছে।
আরেক গ্রাহক নজির ব্যাপারী জানান, তার দু'শ বস্তার মধ্যে ৬৩ বস্তার আলুতে পচন ধরেছে।
পাটওয়ারী হিমাগারের পরিচালক আবদুল কাদের মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলুর বাম্পার ফলন হওয়ায় হিমাগারের এজেন্টরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে হিমাগারে আলু রেখেছে। এ কারণে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আলু রাখতে হয়েছে। মুন্সীগঞ্জ জেলা থেকেও এখানে কয়েক হাজার বস্তা আলু এনে রাখা হয়েছে।"
তিনি বলেন, "এখানে আনা আলু হিমাগারে রাখার আগেই খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী আলু প্রথমে হিমাগারে ঢুকিয়ে অল্প ঠাণ্ডায় ২৪ ঘণ্টা রেখে এরপর বেশি ঠাণ্ডায় রাখতে হয়। অথচ এজেন্টদের সহযোগিতার কারণে এবার অনেক ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি। এটাও পচনের অন্যতম কারণ।"
আবদুল কাদের জানান, আলুর পচন ধরায় গ্রাহকদের পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষও ক্ষতিক্ষস্ত হচ্ছে।
তিনি জানান, যাদের আলু নষ্ট হয়েছে তাদের কাছ থেকে হিমাগারের ভাড়া পাওয়া যাবে না। বরং নষ্ট আলু সরিয়ে নেওয়ার শ্রমিক খরচও কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
এজেন্ট ও ব্যবসায়ী মিজান বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে আমার ও কৃষকদের ৮০৪ বস্তা আলু রয়েছে। এর মধ্যে ৭২ বস্তা আলু নষ্ট হয়ে গেছে। বাকি আলু হিমাগার থেকে নিয়ে যেতে বলেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি রাখার ফলে আলু নষ্ট হয়ে গেছে। এভাবে থাকলে ১৫ দিনের মধ্যে বাকি আলুও নষ্ট হয়ে যাবে বলে জানান তিনি।
মিজান জানান, হিমাগারে প্রায় আট লাখ টাকার আলু রয়েছে।
পাটওয়ারী কোল্ড স্টোরেজের ম্যানেজার নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২ বছর আগে এ কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। আগে কখনো এ ধরনের সমস্যা হয়নি। এবার বাম্পার ফলন এবং সঠিক সময় সঠিক জায়গায় আলু না রাখার কারণে আলুর পচন শুরু হয়েছে।"
তিনি জানান, হিমাগারের ধারণ ক্ষমতা ৯ হাজার টন হলেও ব্যবসায়ীদের চাপে এবার অনেক বেশি আলু রাখা হয়েছে।
চাঁদপুরের সরকারি বীজ সংরক্ষণ (বিএডিসি) ব্যবস্থাপক আশরাফুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার প্রচুর আলু হয়েছে। এ কারণে যেখানে ৫ বস্তা আলু রাখার কথা সেখানে রাখা হয়েছে ৮/৯ বস্তা। এ কারণেই আলুর পচন দেখা দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/জেকে/২২৫৫ ঘ.
bdnews24