২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে সংশয় কাটতে পারে সম্ভাব্য তারিখ পেলে: আনোয়ার চৌধুরী

নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার হবে বলে আশা করছেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠান আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। তারপরও সাধারণ মানুষের সন্দেহ দূর করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার হবে বলে আশা করছেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠান আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। তারপরও সাধারণ মানুষের সন্দেহ দূর করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। এটি হতে পারে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মধ্য দিয়ে। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে বুধবার তার কার্যালয়ে দেখা করার পর সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের অবস্থান পরিষ্কার । নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার হবে বলে আমরা আশাবাদী।" বাংলাদেশে নির্বাচন একটি উৎসবে পরিণত হয় মন্তব্য করে ব্রিটিশ হাই কমিশনার বলেন, "নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য মানুষ যেন পুরোপুরি স্বাধীনতা পান। তারা যেন 'এনজয়' করতে পারে। আশা করি সে পরিস্থিতি তৈরি হবে। আমার মনে হয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার সম্ভব।" জরুরি অবস্থা প্রত্যাহার করা না হলে কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তা শিথিল করা উচিত, যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরাপদ নির্বাচন সম্ভব হয়।" যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশা প্রকাশ করে আনোয়ার চৌধুরী বলেন, "সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে যথাসময়ে নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার করেছে। আমরাও এ বিষয়ে আশাবাদী।" তিনি বলেন, "এরই মধ্যে ছয় কোটি ভোটার তালিকাবদ্ধ হয়েছে। জুন-জুলাইয়ের মধ্যে এ কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ চলছে। রাজনৈতিক সংস্কারের কার্যক্রমও আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরও সাধারণ মানুষের মনের সন্দেহ দূর করতে উদ্যোগী হতে হবে। এটা হতে পারে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মধ্য দিয়ে।" ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, "মানুষ জানে ডিসেম্বর বা তার আগে নির্বাচন হতে পারে। তারিখ পেলে তারা নিশ্চিত হতে পারবে। আস্থাশীল হবে। তবে এ বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার ও জনগণ।" বাংলাদেশে হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার সময়, প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। আর শেখ হাসিনা ছিলেন বিরোধী দলীয় নেত্রী। আনোয়ার চৌধুরীর দায়িত্ব শেষ হওয়ার সময় এ দু'জনই কারাবন্দি। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "এটা দুঃখজনক। তবে একটি নিয়মের ভিতর দিয়ে বিষয়টি শেষ হবে বলে আমি আশা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএস/এসএনডি/এমএ/১৮২৫ ঘ.