ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বস্ত্রপণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপিত থাকায় বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা প্রগেসিভ পলিসি ইন্সটিটিউটের পরিচালক এডওয়ার্ড গ্রেসার।
বুধবার বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ আয়োজিত 'পোশাক শিল্পে জীবিকা নিশ্চিতকরণ' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্লিনটন সরকারের সাবেক নীতি-নির্ধারক এডওয়ার্ড গ্রেসার বলেন, "সাহারা সন্নিহিত আফ্রিকার দেশগুলো বর্তমানে যে শুল্ক সুবিধা পাচ্ছে, বাংলাদেশসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সে ধরনের সুবিধা দিতে কংগ্রেসের সামনে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।"
দেশের বস্ত্রশিল্পের নেতাদের এ ব্যাপারে আফ্রিকার এ শিল্পের নেতাদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন তিনি।
তিনি জানান, ২০০৫ সালে কোটা প্রথা উঠে যাবার পর বাংলাদেশের বস্ত্রশিল্পে ধস নামবে, ক্লিনটন প্রশাসনের এ ধরনের একটি ভুল ধারণা ছিল।
"তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের পোশাক শিল্পের আরও অনেক কিছু করতে হবে।" পরামর্শ রাখেন তিনি।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ব্যাপারে তিনি জানান, এর ফলে এক লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, যার ভেতর এক লাখ ৪৪ হাজার নারী।
সেমিনারে পোশাক শিল্পের নেতারা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় এ শিল্পকে আরও বিশেষায়িত করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দেশের ভবিষ্যত নির্ভর করছে পোশাক শিল্পের ওপর।"
এ খাতের সমস্যা মোকাবেলায় শ্রমিক-মালিক ও সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শ্রমিক পক্ষের প্রতিনিধিরা জানান, কোনো একটি সংগঠন বা সংস্থার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা না করে সমস্যার বিস্তারিত দিকের প্রতি দৃষ্টি দেওয়া উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১৭৫৯ ঘ.
bdnews24