২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাওয়া ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের অধিকার: দেবাশীষ রায়

জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়। পাশাপাশি এ পরিবর্তনের কারণে ক্ষতিপূরণ আদায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের অধিকার বলেও মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়। পাশাপাশি এ পরিবর্তনের কারণে ক্ষতিপূরণ আদায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের অধিকার বলেও মন্তব্য করেন তিনি। বুধবার 'জলবায়ু পরিবর্তন তহবিল' শীর্ষক এক আলোচনা সভায় দেবাশীষ রায় বলেন, "জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে। এ পরিবর্তনের কারণে উন্নতবিশ্ব থেকে ক্ষতিপূরণ আদায় রাষ্ট্রের অধিকারের ব্যাপার; এটি কোনো ভিক্ষা নয়।" ক্ষতিপূরণের অর্থ সরকার ও বেসরকারি সংস্থাগুলো সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, "তহবিল প্রথমে নদীর পানির লবণাক্ততা হ্রাস ও সুন্দরবনের প্রাকৃতিক বন রক্ষায় ব্যবহার করতে হবে।" 'স্থায়ীত্বশীল গ্রামীণ জীবন যাত্রার জন্য প্রচারাভিযান' (সিএসআরএল) এর সভাপতি খুশী কবিরের সভাপতিত্বে নগরীর একটি হোটেলে আয়োজিত ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বন ও পরিবেশ বিষয়ক সচিব এএইচএম রেজাউল কবির, অধ্যাপক ওয়াহিদ উদ্দীন মাহমুদ, পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসান, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি নেতা এম কে আনোয়ার, জাতীয় পার্টির জিএম কাদের, ওয়ার্কার্স পার্টির হায়দার আকবর খান রনো প্রমুখ অংশ নেন। অধ্যাপক ওয়াহিদ উদ্দীন মাহমুদ বলেন, "জলবায়ু পরিবর্তন সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহিৃত করার সময় এসেছে। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন সবচেয়ে বিপদগ্রস্ত দেশ। আমরা ভুক্তভোগী বলেই, এটি রোধ করার আন্দোলন গড়ে তুলতে পারলে এর সুফল সারা বিশ্ব ভোগ করবে।" তিনি আরও বলেন, "সব দৃষ্টি শুধু নির্বাচনমুখী হলেই চলবে না। খাদ্য, জ্বালানি, প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যাগুলোর দিকে আমাদের আরো মনোযোগী হতে হবে।" জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণের অর্থ আদায়ের চিত্র হতাশাব্যঞ্জক উল্লেখ করে ওয়াহিদ উদ্দীন মাহমুদ বলেন, "পশ্চিমা বিশ্বের কাছ থেকে আমাদের এক বিলিয়ন মার্কিন ডলার তহবিল পাওয়ার কথা। কিন্তু এখনো এর কিছুই পাওয়া যায়নি।" ড. কামাল হোসেন বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিমা বিশ্ব থেকে আমরা ক্ষতিপূরণের অর্থ না পেলেও নিজেদেরই উদ্যোগী হয়ে পরিবেশ রক্ষায় তহবিল গঠন করতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরই মোকাবিলা করতে হবে।" সুরঞ্জিত সেনগুপ্ত জলবায়ু পরিবর্তন সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহিৃত করে এটি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শুরুর আহ্বান জানান। এমকে আনোয়ার জলবায়ু পরিবর্তন সমস্যাকে প্রাধান্য দিয়ে এই সমস্যার কারণে কোন কোন খাতে কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা নির্ধারণ করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এমএ/১৬১৪ ঘ.