ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কে শক্তিশালী করতে দু' হাজার কোটি টাকার প্রস্তাব গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপত্বিতে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রস্তাবটি গ্রহণ করে একে এগিয়ে নিতে নীতিগত সম্মতি দেওয়া হয়।
বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাপেক্স শক্তিশালীকরণ প্রস্তাব সরকার গ্রহণ করেছে। প্রস্তাবটি আরও এগিয়ে নেওয়ার জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার।
"এতদিন বাপেক্সকে যে অবহেলা করা হয়েছে তা ঠিক হয়নি" মন্তব্য করে তিনি বলেন, "প্রথম থেকেই বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। আশা করি বাপেক্স নির্ধারিত সময়ে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হবে।"
তিনি বলেন, কোনও দেশেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এককভাবে অনুসন্ধান ও উত্তোলনের কাজ করে না। আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। তবে দেশীয় প্রতিষ্ঠানকেও শক্তিশালী করে রাখতে হয়। তাহলে যৌথভাবে কাজ করতে পারে।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২ হাজার কোটি টাকার প্রস্তাবে সরকারের সম্মতি পাওয়া গেছে। এ প্রস্তাব অনুসারে আগামী ৭ বছরে বাপেক্স স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বাপেক্সকে আমরা সম্পূর্ণ স্বনির্ভর করতে চাই।"
বৈঠকে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।
৩৬ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকা বাপেক্সকে শক্তিশালী করতে মার্চ মাসে জ্বালানি বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়।
ওই প্রস্তাবে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বাপেক্সের উত্তোলন করা গ্যাসের দাম বাড়ানো, বিনিয়োগের জন্য অর্থ দেয়া এবং সরকারি নিয়মনীতি শিথিল করে দ্রুত ক্রয়ের সুযোগ দেয়া। প্রস্তাব অনুসারে বাপেক্সকে শক্তিশালী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২৩১০ ঘ.
bdnews24