টাঙ্গাইল, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ সম্মেলন করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন কাকড়াজান গ্রামের রিনা বেগম।
সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবে তিনি এ সম্মেলন করেন। রিনা বেগম সখীপুর উপজেলার কাকড়াজান গ্রামের আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৬ ফেব্র"য়ারি রিনা বেগমের ঘর পুড়িয়ে দেওয়ার পর মামলা দিতে গেলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তাকে (রিনা) বলেন- "নিজের বাড়ি নিজে পুড়ে অন্যের নামে মামালা দিতে এসেছ। তোমাকে মামলা করার সাধ মিটিয়ে দেব। এটা বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেবের এলাকা। এখানে মামলা করতে হলে তার অনুমতি লাগবে।"
এ প্রসঙ্গে ওসি মো. কামরুজ্জামান বলেন, "আমি এ ধরনের কোনো কথা বলিনি। এছাড়া বাড়ি পোড়ানোর ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এ মহিলা অশিক্ষিত বলে যেখানে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে।"
রিনা বেগম লিখিত অভিযোগে জানান, বাড়ির একটি গাছ বিক্রি করতে রাজি না হওয়ায় স্থানীয় প্রভাশালী জিল্লাল হোসেন ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর তার স্বামী আব্দুস সাত্তারকে মারতে আসে। কিন্ত সাত্তারকে না পেয়ে সে তাকেই মারধর করে।
এ ঘটনায় রিনা বেগম ১৯ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করলে জিল্লালের বিরুদ্ধে সমন জারি হয়। এতে জিল্লাল তার লোকজন দিয়ে ৭ অক্টোবর আব্দুস সাত্তারসহ মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা করে।
এরপর গত ২৬ ফেব্র"য়ারি তাদের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন রিনা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১০০ ঘ.
bdnews24