২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভাইয়ের হাতে অটোরিক্সা চালক খুন

রাজধানীর ডেমরায় মো. রিপন (২২) নামের এক অটোরিক্সা চালক রোববার রাতে খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরায় মো. রিপন (২২) নামের এক অটোরিক্সা চালক রোববার রাতে খুন হয়েছে। পরিবারের সদস্যরা পুলিশকে জনিয়েছে, টিন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোটভাই রাসেল ঘুমন্ত রিপনকে ছুরি মেরে হত্যা করে। নিহত রিপনের বাড়ি ডেমরার নড়াইবাগে। বাবার নাম আব্দুর রশীদ। ডেমরা থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, সোমবার সকাল সোয়া ৭টার দিকে পুলিশ আব্দুর রশীদের বাড়ি থেকে রিপনের লাশ উদ্ধার করে। তিনি বলেন, "পরিবারের সদস্যদের আমাদের জানিয়েছে, আব্দুর রশীদ কয়েকদিন আগে এক বান সরকারি টিন পান। এর মধ্যে ছয়টি টিন রাসেল বিক্রি করে দেয়। রোববার সে আরো কিছু টিন বিক্রি করতে চাইলে এ নিয়ে রাতে রিপনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে পরিবারের সদস্যদের মধ্যস্থতায় রাত ১২টার দিকে তারা ঝগড়া থামিয়ে ঘুমাতে যায়। রাত সোয়া ২টার দিকে রাসেল ঘুমন্ত রিপনকে ছুরি মেরে পালিয়ে যায়।" এ বিষয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রিপনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৩১ ঘ.