ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা এক শ্রমিক কলোনিতে হামলা করেছে। অন্যদিকে সাভারে ডিইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে বহিরাগত মাস্তানরা।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, কোনাবাড়ি জরুন এলাকায় শনিবার ওয়াই কে সোয়েটারের শতাধিক কর্মী পার্শ্ববর্তী একটি গার্মেন্টস শ্রমিক কলোনিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচূর ও লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে কয়েকশ' শ্রমিক-কর্মচারী লাঠিসোঁটা, শাবল, রড ইত্যাদি নিয়ে হামলা চালায়। হামলায় ১৮টি ঘরের জিনিসপত্রের ক্ষতি হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রমিক কলোনির মালিক জলিল নেওয়াজ খান অভিযোগ করেন, পাশের ওয়াই কে সোয়েটার কারখানার শ্রমিকরা কলোনির ভাড়াটে মহিলাদের প্রায়ই উত্যক্ত করে। এ নিয়ে তিনি কয়েকবার কারখানা কর্তৃপক্ষের কাছে নালিশ করেছেন।
জলিল নেওয়াজ খান জানান, তার জামাতা শওকত গত শুক্রবার ওয়াইকে সোয়েটারে গিয়ে কয়েকজন শ্রমিককে শাসিয়ে আসে। তার ধারণা এ কারণেই শ্রমিকরা হামলা করে।
এদিকে ওয়াই কে সোয়েটার কর্তৃপক্ষ পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারখানা বন্ধ করে দিয়েছে।
সাভার প্রতিনিধি জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনে ইন্দোনেশীয় মালিকানার শাইন ফ্যাশনে শনিবার একদল বহিরাগত শ্রমিক কারখানার শ্রমিকদের মারধর করেছে।
এ সময় ওই কারখানার শ্রমিকরা একজোট হয়ে বহিরাগতদের ধাওয়া করে। উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ এসে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বহিরাগত তিন শ্রমিককে আটক করে আশুলিয়া থানা পুলিশে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম জানান, সকাল আটটার দিকে কয়েকজন বহিরাগত শ্রমিক গোপনে কারখানায় ঢোকে। সাড়ে ৮টার দিকে তারা অতর্কিতে কারখানার শ্রমিকদের ওপর হামলা চালায়।
এ ঘটনার পর থেকে শাইন ফ্যশনের শ্রমিকরা সারাদিন কর্মবিরতি পালন করেছে বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শাইন ফ্যাশনের এক কর্মকর্তা অভিযোগ করেন, কারখানার ব্যবস্থাপক নাছির উদ্দিন ও প্রশাসনিক কর্মকর্তা শাকির হোসেন গত বৃহস্পতিবার 'বিনা কারণে' পাঁচজন শ্রমিককে বরখাস্ত করেন। এর প্রতিবাদে শ্রমিকরা এ দু'জনের অপসারণ দাবি করে কর্মবিরতি পালন করে। কর্তৃপক্ষ ১০ দিনের মধ্যে তাদের অপসারণের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন। ওই কর্মকর্তা দু'জন ক্ষুদ্ধ হয়ে শনিবার বহিরাগতদের ভাড়া করে এনে এ হামলা চালান বলে অভিযোগ করেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, এ ঘটনার পর ব্যবস্থাপক ও প্রশাসনিক কর্মকর্তা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজার) জেনারেল ম্যানেজার এস এম আবদুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০১৩৩ঘ.
bdnews24