ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার আক্তার হোসেন প্রামাণিক নামের এক তুলা ব্যবসায়ী খুন হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আবুল কালাম নামে এক ব্যক্তি হত্যা করেছে নিজের দুই মেয়েকে। খুলনার রূপসা উপজেলায় সাথী বেগম নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লার দেবীদ্বারে ফারুকুর রহমান ও সেলিম মিয়া নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বরগুনা সদর উপজেলায় উদ্ধার করা হয়েছে আমেনা আক্তার নামে এক গৃহবধুর লাশ।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উল্লাপাড়া উপজেলার দহখোলা সেতু এলাকায় শনিবার আক্তার হোসেন প্রামাণিক (৪০) নামের এক তুলা ব্যবসায়ীকে খুন করেছে একদল দুর্বৃত্ত।
আক্তার হোসেন বর্ধনগাছা গ্রামের তছির উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের নিমাই ভট্টাচার্য ও সাইফুল ইসলাম নামে দুই সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ আলম স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে কবিগান দেখতে পার্শ্ববর্তী দহখোলা গ্রামে যান। সেখানে তিনি রাত প্রায় তিনটা পর্যন্ত ছিলেন। পরদিন শনিবার সকালে বাড়ি আসার সময় তাকে কুপিয়ে হত্যা করে দহখোলা সেতুর পাশে রেখে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে ওয়াহিদ মুরাদ উল্লাপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত দুজনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রামগতি উপজেলার চরগজারিয়ায় আবুল কালাম (৩২) নামে এক ব্যক্তি শুক্রবার রাতে তার দুই মেয়ে সুরমা (১২) ও পাভীনকে (৭) জবাই করে হত্যা করেছে। এরপর সে পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে ধরা দেয়।
লক্ষ্মীপুর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন জানান, অভাব অনটন ও পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
এদিকে রায়পুর উপজেলার কাজিরচর খালের পশ্চিম পাড়ে শুক্রবার ১৭/১৮ বছরের অজ্ঞাত পরিচয় এক মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে শনিবার পুলিশ ফারুকুর রহমান (৩০) ও সেলিম মিয়া (৩০) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে।
ফারুক নবীয়াবাদ গ্রামের রুস্তম আলীর এবং সেলিম পার্শ্ববর্তী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
দেবীদ্বার থানার সহকারী উপপরিদর্শক এনায়েতুর রহমান জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতেও ফারুক ও সেলিম বোরো জমিতে পানি সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন ঘরে যায়। কিন্তু রাতে আর ফেরেনি। শনিবার সকালে স্থানীয় লোকজন মেশিন ঘরের বাইরে জমাট বাঁধা রক্ত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘর থেকে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা একটি ধারালো দা ও একটি কোদাল উদ্ধার করেছে।
এ ব্যাপারে ফারুকের বড়ভাই আব্দুর রাজ্জাক দেবীদ্বার থানায় একটি মামলা করেছেন।
বরগুনা প্রতিনিধি জানান, সদর উপজেলার উরবুনিয়া গ্রামে আমেনা আক্তার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আমেনা তিন সন্তানের জননী।
সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, বাড়ির কাছারি ঘরে আমেনার লাশ পাওয়া গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ঢাকা থেকে আমেনার ভাইয়েরা ফোনে দেলোয়ার হোসেনকে জানান, আমেনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে আমেনার স্বামী আব্দুস সালাম মল্লিক জানান, তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
খুলনা প্রতিনিধি জানান, রূপসা উপজেলার আইচগাতি গ্রামে সাথী বেগম (১৯) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাথীর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে ছয় জনতে আসামি করে রূপসা থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন- সাথীর স্বামী মোহন মোল্লা ও মোহনের বাবা আফতাব মোল্লা, মা নূরী বেগম, বোন সালমা বেগম এবং দু'ভাই সুমন ও মিলন।
রূপসা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ছয়মাস আগে সাথীর বিয়ে হয় মোহন মোল্লার সঙ্গে। বিয়ের পর থেকেই মোহন সাথীর কাছে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। গত ২৮ মার্চ সাথী বাবার কাছ থেকে ১০ হাজার টাকা এনে দেয়। বাকি টাকার জন্য মোহন সাথীর ওপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের সহ্য করতে না পেরে ১৬ এপ্রিল সাথী বাবার বাড়ি চলে যায়। ১৮ এপ্রিল শুক্রবার মোহন এসে তাকে আবার নিয়ে যায় এবং ওই রাতেই তার ওপর চালানো হয় অমানুষিক শারীরিক নির্যাতন। এতে সাথী গুরুতর অসুস্থ হলে তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে সে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24