২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের মালখানা থেকে ফেনসিডিল নেওয়ার সময় যুবক আটক

বরিশাল পুলিশের মালখানা থেকে ফেনসিডিল নেওয়ার সময় শনিবার দেলোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

বরিশাল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল পুলিশের মালখানা থেকে ফেনসিডিল নেওয়ার সময় শনিবার দেলোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মালখানার দায়িত্বে থাকা উপপরিদর্শক আব্দুর রহমান ও কন্সটেবল মাসুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে র‌্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ওই যুবককে মালখানা থেকে ফেনসিডিল নিতে দেখেছি।" আটককৃত যুবকের বারাত দিয়ে তিনি জানান, প্রতি শুক্র ও শনিবার এ ভাবেই মালখানা থেকে কর্তৃপক্ষের যোগসাজশে ফেনসিডিল কিনে আসছেন দেলোয়ার। মালখানাটি জেলা প্রশাসকের কার্যালয় ভবনে অবস্থিত। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে অবস্থান নেন। সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর কাজীপাড়ার বাসিন্ধা দোলোয়ার হোসেন মালখানার সামনে গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কাছ থেকে দশ বোতল ফেনসিডিল নিয়ে বের হওয়ার সময় ওই যুবককে আটক করা হয়। শনিবার সন্ধ্যা ৭টায় পুলিশ কমিশনার খান সাইদ হাসান জানান, মালখানার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আব্দুর রহমান ও কন্সটেবল মাসুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোতায়ালি মডেল থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন উপ-কমিশনার কাজী মোরতাজ আহমেদ, সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম। র‌্যাব জানায়, আটকৃত যুবককে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে অনেক তথ্য দিয়েছে। এ ব্যাপারে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি। বরিশালের জেলা প্রশাসক মো. মঞ্জুর-ই-এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কম্পাউন্ডে ঘটনাটি ঘটলেও মালখানার দায়িত্ব আমার নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.