চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কক্সবাজারে শুক্রবার গভীর রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১১ টার দিকে নগরীর ইস্পাহানী ২ নম্বর গেইটের সামনে বাসের ধাক্কায় আবদুল বারেক (৩৬) নামে এক পথচারী মারা গেছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছোট কিনার চর এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
জহুরুল হক জানান, পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ফজল গুরুতর আহত হন। রাত বারটার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাত বারটার দিকে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের সামনে অপর এক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবক মারা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। তিনি হাফিজ জুট মিলের কর্মচারি বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে কক্সবাজার জেলার টেকনাফ সড়কে শুক্রবার গভীর রাত বারটার দিকে চাঁদের গাড়ির ছাদ থেকে পড়ে রফিক (১৭) নামে এক কিশোর মারা গেছে। সে টেকনাফ সদর এলাকার মো. আমীনের ছেলে।
পুলিশ কর্মকর্তা জহুরুল হক নিহত রফিকের স্বজনদের বরাত দিয়ে জানান, রাত বারটার দিকে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে রাত তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৫০৫ ঘ.
bdnews24