টাঙ্গাইল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে আবার সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে।
শনিবার সকালে যমুনা সেতু সংযোগ সড়কের হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের ওপর উল্টে যায়। এতে ১৮ জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল।
এর আগে গত বুধবার ভোররাতে কালিহাতীতে আরেকটি লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১৭ জন নিহত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আখতার আলী সরকার সাংবাদিকদের জানান, যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার হাতিয়ার কাছে শনিবার সকাল ৬ টায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে যায়। এতে ১৬ জন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে মৃত্যু হয় দুই জনের।
নিহতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গিয়েছে। এরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নালাটারী গ্রামের আবদুস সাত্তার (২৬), মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৫), চর রহমানের কুটির গ্রামের জহুরুল ইসলাম (৪০), মনজুর আলম (২৫) এবং চরবেরুবাড়ি গ্রামের নুরুল ইসলাম, সরদারপাড়া গ্রামের মুছা (২৮) ও বেরুবাড়ি শালমারা গ্রামের রাজ্জাক (৪৬)।
জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন পাঁচটি লাশ উদ্ধার করে। পরে যমুনা সেতু এলাকা থেকে র্যাকার এনে বাসটি সোজা করার পরে আরও ১১টি লাশ পাওয়া যায়। আহত ৫২ জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দুই জন মারা যায়।
দুর্ঘটনায় আহত নাগেশ্বরী উপজেলার নালাটারী গ্রামের শাবলু মিয়া সাংবাদিকদের জানান, রাত ৯টার সময় তারা নাগেশ্বরী থেকে বাসটিতে চড়েন। বাসযাত্রীদের বেশিরভাগই ছিল দিনমজুর। কাজের সন্ধানে তারা টঙ্গী যাচ্ছিল।
শাবলু মিয়া বলেন, "চালক বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিল। বারবার বলার পরও সে শোনেনি। পথে একবার বাসের চাকাও পাংচার হয়।"
দুর্ঘটনার কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেসটি আটকে পরে যমুনা সেতু স্টেশনে আটকে যায়। সকাল ৯টার সময় র্যাকার এনে বাসটি রেল লাইন থেকে সরানোর পর রেল চলাচল পুনরায় শুরু হয়।
দুর্ঘটনার পরই যমুনা সেতু (পূর্ব) থানার পুলিশ, সেনাবাহিনী, র্যাব, দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
জেলা প্রশাসক আখতার আলী সরকার, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল্লাহিল আজমও দুঘটনাস্থলে যান। আহতদের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৭ ঘ.
bdnews24