ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে বিদ্যুতের দুটি টাওয়ার উপড়ে পড়ায় বৃহস্পতিবার রাত থেকে মাগুরা জেলা বিদ্যুৎহীন। কালবৈশাখীতে জেলার অন্তত পাঁচশ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। একই রাতে কুড়িগ্রাম জেলায়ও কালবৈশাখী বয়ে যায়। এতে হাজারখানেক কাঁচা ঘর বিধ্বস্ত এবং ১১ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাগুরা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়।
মাগুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আবু হাসান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে সঞ্চালন লাইনের দুটি টাওয়ার উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখন বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে।
শুক্রবার সন্ধ্যা নাগাদ সরবরাহ চালু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঝড়ের কারণে প্রায় পাঁচশ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভেঙে পড়েছে বহু গাছপালা। গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ায় সকাল ৯টা পর্যন্ত মাগুড়া-নড়াইল, মাগুড়া-যশোর ও মাগুরা-ঝিনাইদহ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
ঝড়ে বোরো ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। তবে কৃষি বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ওই সময় ব্যাপক শিলাবৃষ্টিও হয়। ঝড়ের কবলে পড়ে ১১ জন আহত হয়েছেন। হাজার খানেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা, মুন্সিপাড়া, মরাকাটা, বাধেরপাড়, পোষ্ট অফিসপাড়া, মোল্লা পাড়া ও সুইপার কলোনির বেশির ভাগ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম, গোয়ালেরভিটা, পরামানিকটারী গ্রামেও ঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর, বড়গ্রাম, রামরতন, জয়কুসোর ও কিংছিনাই গ্রামেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ে আহতরা হলেন শ্যামল (৩৮), মোস্তফা (২৫), অমল (৫০), আবুল হোসেন (৫০), সামিউল (৪), আছিয়া (৩২), পপি (৬), জোস্না (৩৫), শহীদ (৩৬), এরশাদুল (৪০) ও মানিক (৩৫)। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত।
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ ও সিনিয়ার মাদ্রাসার টিনশেড ভবন উড়ে গেছে। জেলা শহরের মজিদা মহাবিদ্যালয়ের দেওয়াল ধসে পড়েছে। এছাড়া আছিরন দাখিল বালিকা মাদ্রাসা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. জালাল উদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪২৩ ঘ.
bdnews24