আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। নিয়ম অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে হলে থাকা বাধ্যতামূলক। সেখানে 'হলে আসন বরাদ্দ দেওয়া সম্ভব নয়' বলে বিজ্ঞপ্তি টানিয়ে দায়িত্ব সেরেছে কর্তৃপক্ষ। ফলে হলের নামাজ কক্ষ, ডাইনিং কক্ষ ও অতিথি কক্ষই এখন অনেক শিক্ষার্থীর আবাস। 'গণরুম' নামে পরিচিত এসব কক্ষেই এখন গাদাগাদি করে থাকছে শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজার। এর বিপরীতে ১১টি হলে আসন রয়েছে ৫ হাজার ৫৫০টি। হলে সিট সঙ্কট আগেও ছিল। তবে গত ১৬ মার্চ নতুন শিক্ষাবর্ষের (২০০৭-০৮ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু হলে সঙ্কট তীব্র হয়ে উঠে।
আবাসিক বিশ্ববিদ্যালয়ে হলে না থাকলে ভর্তি বাতিল হওয়ার বিধান থাকায় হলে আসন না থাকলেও হলে উঠতেই হচ্ছে শিক্ষার্থীদের। তাছাড়া বিশ্ববিদ্যালয়টি আবাসিক বলে আসন নিশ্চিত- এটা জেনেই সবাই ভর্তি হয়।
কিন্তু হলে সিট না পেয়ে এখন 'গণরুম'গুলোই নতুন শিক্ষার্থীদের আবাসনের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। সেখানেও সমস্যার শেষ নেই। প্রতিটি কক্ষে গাদাগাদি করে ৪০ থেকে ৫০ জনকে থাকতে হচ্ছে। এ জন্য প্রায়ই রাতে তাদের পালা করে ঘুমোতে হয়। চৌকি না থাকায় ঘুমাতে হয় মেঝেতে। আবার টেবিল-চেয়ার না থাকায় স্বাভাবিক পড়াশোনাও করতে পারছে না তারা। ফলে গল্প-গুজব ও আড্ডায়ই বেশির ভাগ সময় কাটে তাদের। কক্ষগুলোর পাশে টয়লেটও নেই। যা নিয়েও ভোগান্তি পোহাতে হয় তাদের।
আল-বেরুণী হলের গণরুমে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী একত্রে একটি বাংলা গানের প্যারোডি গাইছে- "ভালো নাই, ভালো থেকো; গণরুমের ঠিকানায় চিঠি লিখো"।
ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র পিনাক পাণি ভট্টাচার্য গণরুমকে 'পোকা-মাকড়ের ঘর বসতি'র সঙ্গে তুলনা করে বলেন, "ভর্তি হওয়ার আগে শুনেছিলাম, এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। কিন্তু এখন শরণার্থী শিবিরের মতো পোকা-মাকড়ের সঙ্গে বাস করতে হচ্ছে।"
প্রীতিলতা হলের গণরুমে থাকছে ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আলবিনা হক বিন্তু।
তিনি বলেন, "আমাদের যেখানে থাকতে হচ্ছে, তা মানুষের বসবাসের উপযোগী স্থান নয়। আবাসিক বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম অধিকার হলগুলোতে আসন বরাদ্দ পাওয়া কিন্তু আমরা সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। হলে একটি আসন পাওয়া রীতিমতো 'সোনার হরিণ' হয়ে দাঁড়িয়েছে।"
হল অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে, আল-বেরুণী হলে ৪২৪টি আসনের বিপরীতে ৮০০, শহীদ সালাম-বরকত হলে ৪০০টি আসনের বিপরীতে ৬৫০, মওলানা ভাসানী হলে ৭৬৮টি আসনের বিপরীতে ১ হাজার ৫০, আ ফ ম কামাল উদ্দিন হলে ৪০০টি আসনের বিপরীতে ৬৮০, মীর মশাররফ হোসেন হলে ৭০৮টি আসনের বিপরীতে ১ হাজার ২৫০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৭৬৮টি আসনের বিপরীতে ১ হাজার ২০০ জন ছাত্র অবস্থান করছে।
অপরদিকে শহীদ জননী জাহানারা ইমাম হলে ৫০৪টি আসনের বিপরীতে ৭০০, বীরকন্যা প্রীতিলতা হলে ৫০৪টি আসনের বিপরীতে ৬৫০, ফজিলাতুন্নেসা হলে ২২২টি আসনের বিপরীতে ৪২০, নওয়াব ফয়জুন্নেসা হলে ৩৪০টি আসনের বিপরীতে ৫০০ এবং বেগম খালেদা জিয়া হলে ৫১২টি আসনের বিপরীতে ৮৪০ জন ছাত্রী থাকছেন।
আবাসন সঙ্কটের জন্য সংশ্লিষ্টরা সেশনজট বৃদ্ধি, শিক্ষাজীবন শেষ হওয়ার পরও অনেকর সিট না ছাড়া, বিভিন্ন ছাত্র নেতা একাধিক কক্ষের দখল রাখা, নতুন হল নির্মাণ না হওয়াকেই দায়ী করেছেন।
বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. মো. মনজুর ইলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন বছর আগে পাঠ্যক্রমসূচি পরিবর্তনের ফলে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নের সময়কাল তিন বছরের স্থলে চার বছর হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কিছুটা শিক্ষার্থীজটের সৃষ্টি হয়েছে। নতুন হল নির্মাণ না হওয়ায় সঙ্কট কাটছে না।"
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. আবু সাঈদ খান আবার সেশন জটকেই বেশি দায়ী করেছেন।
তিনি বলেন, "আবাসন সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী সেশনজট। যদি সব বিভাগীয় সভাপতি উদ্যোগ নেয়, তবে সেশনজট কমে আসবে। তাহলে আবাসন সঙ্কটও কমে যাবে।"
আবাসন সঙ্কটের কথা স্বীকার করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামানও। আর সঙ্কট নিরসনে কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।
অধ্যাপক মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবাসন সঙ্কট নিরসনে একটি নতুন ছাত্র হল নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।"
সেশনজটসহ হলগুলোতে অন্যান্য সমস্যা সমাধানে বিভাগীয় সভাপতি ও হল প্রাধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১৯৭০ সালে রাজধানীর অদূরে সাভারে একটি হল ও চারটি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৬টি বিভাগ রয়েছে। হল রয়েছে মোট ১১টি। এর মধ্যে ছাত্রদের জন্য ছয়টি এবং ছাত্রী হল পাঁচটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১১ ঘ.
bdnews24