২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা জীবনেই দুর্নীতি প্রতিরোধে শপথ নিতে হবে: হাসান মশহুদ

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "শিক্ষা জীবনেই দুর্নীতি প্রতিরোধে আমাদের শপথ নিতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

টাঙ্গাইল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "শিক্ষা জীবনেই দুর্নীতি প্রতিরোধে আমাদের শপথ নিতে হবে।" বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হাসান মশহুদ চৌধুরী ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান। দুদক চেয়ারম্যান বলেন, "আমাদের দুর্নীতির সংজ্ঞা জানতে হবে। সৎ-অসৎ, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় যদি আমরা বুঝতে পারি তাহলে দুর্নীতি কাকে বলে তা বুঝতে পারবো। পরিবার থেকে দুর্নীতি পরিহার করতে পারলে সমাজে এর বিস্তার ঘটবে না।" তিনি বলেন, "দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ সম্মান হারিয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারবো।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু তালেব মিয়া, দুদক টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব খান মোহাম্মদ খালেদ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজির আহমেদ ও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ফাহিমা আক্তার। এছাড়া শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় এবং নাটিকা পরিবেশন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫১ ঘ.