২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী মরে গেলে প্রচণ্ড চাপে পড়বে কৃষি

ক্রমাগত নদ-নদী ও জলাশয় শুকিয়ে যাওয়া দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর সরাসরি বিরূপ প্রভাব ফেলবে। খাদ্য ঘাটতি আরো বেড়ে যাবে। হুমকির মধ্যে পড়বে জীববৈচিত্র্য। পলি জমা, সীমান্তের ওপারে উজানে পানি প্রত্যাহার, নির্বিচার দখল ইত্যাদি কারণে দেশের অনেক নদীর অস্তিত্বই হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নদীগুলো মরে যেতে থাকলে কৃষি অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

মারুফ মল্লিক, নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ক্রমাগত নদ-নদী ও জলাশয় শুকিয়ে যাওয়া দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর সরাসরি বিরূপ প্রভাব ফেলবে। খাদ্য ঘাটতি আরো বেড়ে যাবে। হুমকির মধ্যে পড়বে জীববৈচিত্র্য। এই আশঙ্কা বিশেষজ্ঞদের। পলি জমা, সীমান্তের ওপারে উজানে পানি প্রত্যাহার, নির্বিচার দখল ইত্যাদি কারণে দেশের অনেক নদীর অস্তিত্বই হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নদীগুলো মরে যেতে থাকলে কৃষি অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে পড়বে। শুকনো মওসুমে পানি না থাকার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে স্বাদু পানির অনেক জাতের মাছ। সেচ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে যাওয়ায় বাড়ছে কৃষি ব্যয়। নদী মরে যাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া তাই বহুমূখী। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড.আতিক রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষি ও মৎস্য খাতে নদী ধ্বংসের সরাসরি প্রভাব পড়ছে। এর সঙ্গে সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। বছরে ৪ থেকে ৫ হাজার কোটি টাকার মৎস্য কম উৎপাদন হচ্ছে। এর মধ্যে দূষণের কারণে কম হচ্ছে ২ হাজার কোটি টাকা। আর শুকিয়ে যাওয়ার জন্য ৩ হাজার কোটি টাকা।" নদী বিশেষজ্ঞদের মতে, নদীর প্রবাহ কমে গেলে অববাহিকা অঞ্চলের মাটিও শুকিয়ে যায়। কৃষিকাজসহ যাবতীয় বিষয় হয়ে পড়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ বাড়ায় পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অল্প পানিতেই বন্যা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদ-নদী মরে যাওয়ার অর্থনৈতিক প্রভাব হবে ভয়াবহ। আমাদের অর্থনীতির প্রাণশক্তি নদী ও পানি। আমাদের জমি যথেষ্ট উর্বর। এর প্রধান কারণ নদী।" নদীগুলোর দূরবস্থা আমাদের খাদ্য ঘাটতির অন্যতম কারণ -এ মন্তব্য করে আনু মুহাম্মদ বলেন, "পানি দূষিত হলে বা না থাকলে জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ, জলজপ্রাণী এবং বনজ ও ফলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। এর একটি ধারাবাহিক প্রতিক্রিয়া আছে। নির্দিষ্ট সময়ে ক্ষতির পরিমাণ পরিমাপ করা কঠিন।" নদীমাতৃক এদেশের ঐতিহ্যবাহী প্রধান পরিবহন ব্যবস্থা নদীপথকে উপেক্ষা করে সড়ক পথের ওপর বেশি গুরুত্ব দেওয়া ও নদী শুকিয়ে যাওয়া এ উভয় কারণে নৌপথে চলাচল কমে গেছে। ব্রহ্মপূত্রের মাধ্যমে আসামের সঙ্গে নৌ যোগাযোগ ছিল যা এখন বন্ধ। সড়কপথের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে জ্বালানী তেলের ব্যবহার ও আমদানি বেড়েছে। এছাড়া নদী খনন ও পুনরুদ্ধারের নামে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় হচ্ছে যার অনেক প্রকল্পের সাফল্য প্রশ্নসাপেক্ষ। পাখিসহ অনেক বন্যপ্রাণী নদীর ওপর নির্ভরশীল বলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। গবাদি পশু কমে গেছে। উজানে ও ভাটিতে কমে যাচ্ছে মাছের প্রজনন। মোহনায় ইলিশের প্রজনন কমে যাচ্ছে। উজানে পানি প্রত্যাহার করা হচ্ছে বলে বেশির ভাগ নদীর প্রবাহ শুষ্ক মওসুমে কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দক্ষিণাঞ্চলে। পানির প্রবাহ কমে যাওয়ার কারণে জোয়ারের লবণাক্ত পানি ক্রমশই বেশি ভেতরে ঢুকছে। শুকনো মওসুমে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। মাটি হারিয়ে ফেলছে তার স্বাভাবিক গুণ। পানি উন্নয়ন বোর্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাগরের গড় উচ্চতা বেড়ে গেছে। খুলনায় তা ১২ থেকে ১৫ সেন্টিমিটার বেড়েছে। কক্সবাজারে আগের চেয়ে আট-দশ সেন্টিমিটার উঁচুতে পানি প্রবেশ করছে। উজান থেকে পানি প্রবাহ কমে যাওয়ায় জোয়ারের সময় সহজেই নিচু এলাকা সাগরের পানিতে প্লাবিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৪১০ঘ.