কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে ফিরতি যাত্রায় বুধবার রাতে ঢাকা পৌঁছেছে মৈত্রী এক্সপ্রেস। রাত সোয়া ৮টার দিকে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছায়।
বুধবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। ফিরতি যাত্রায় কলকাতা থেকে ঢাকায় আসা প্রথম ট্রেনে খুব স্বল্প সংখ্যক যাত্রী রয়েছেন বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্বোধনী এ ট্রেনটি ৩৩৬ যাত্রী নিয়ে কলকাতা গেলেও ঢাকা ফিরছেন মাত্র ১২৭ জন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক (ইন্টারচেইঞ্জ ট্র্যাফিক) কালী কান্ত ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২৭ জনের মধ্যে প্রকৃত যাত্রী রয়েছেন ৪০ জন। এরমধ্যে একজন ভারতীয় যাত্রী। বাকিরা হলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য ডেলিগেটস।"
ঢাকায় আসা যাত্রী কম হওয়া প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্বোধনী ট্রেনে যারা কলকাতায় গেছেন তাদের অনেকেই হয়তো এখনও ফেরেননি, অথবা বাসে চলে গেছেন।"
মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতার চিতপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ভারতের সীমান্তবর্তী গেদে স্টেশনে পৌঁছে সকাল ৯টা ৫০ মিনিটে। কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তবে সিগনাল ও ক্লিয়ারেন্সের অভাবে আরও একঘণ্টা পর ১১টা ৫৭ মিনিটে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। সীমান্ত পাড়ি দিয়ে দুপুর ১২ টা ১০ মিনিটে এটি দর্শনা স্টেশনে পৌঁছে।
কাস্টমস ও ইমিগ্রেশনের জন্য ভারতে একঘণ্টা সময় লাগলেও বাংলাদেশে লাগে মাত্র ২০ মিনিট। ইঞ্জিন বদলের পর দুপুর ২টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার পথে দর্শনা স্টেশন ছাড়ে।
কলকাতার চিতপুর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। স্টেশনে প্রবেশের পর যাত্রীদের পাঁচস্তরের নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পন্ন করতে হয়। এছাড়া গেদে এবং চিতপুরে ডগ স্কোয়াড দিয়ে মৈত্রীর বগি তল্লাশি করা হয়।
গেদের স্টেশন ব্যবস্থাপক পিএল ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়া অপর ট্রেনে ৫০ জন যাত্রী রয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরবি/এএল/এমআই/এসএনডি/২০২৩ ঘ.
bdnews24