ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন রুটিন কার্যকলাপ চালিয়ে যাওয়াই তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক দায়িত্ব। জাতীয় নারী উন্নয়ন নীতির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার বর্তমান সরকারের নেই।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, 'দেশ যখন একটি নাজুক সময় অতিক্রম করছে ঠিক তখন জাতীয় নারী উন্নয়ন নীতির মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় পলিসি ইস্যুতে একটি বিতর্কিত নীতিমালা অনুমোদন করে উপদেষ্টা পরিষদ এখতিয়ার বহির্ভুত কাজ করেছে।'
জাতীয় নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারী আলেম সমাজের প্রতি জামায়াতে ইসলামীর সমর্থনের কথা জানান নিজামী।
এ নীতি পর্যালোচনার জন্য গঠিত কমিটিকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'কমিটি পুনর্গঠন ও সক্রিয় করে আলেম সমাজের মতামতের ভিত্তিতে জাতীয় নারী উন্নয়ন নীতি সংশোধন ও পরিমার্জন করতে হবে।'
কোনো একটি মহল উস্কানিমূলক তৎপরতা চালাতে ইন্ধন যোগাচ্ছে দাবি করে নিজামী গত বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ এবং পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষের ঘটনাকে 'উদ্বেগজনক' ও 'রহস্যজনক' মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, নারী উন্নয়ন নীতিমালার যেসব ধারায় 'সমতা', 'সমান অধিকার' বা 'সমান সুযোগ' শব্দ ব্যবহার করা হয়েছে তা বিভ্রান্তিকর এবং কুরআন-হাদিসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এক্ষেত্রে 'সুষম অধিকার' বা 'ইনসাফভিত্তিক অংশীদারিত্ব' ও 'সুযোগ-সুবিধা' শব্দ প্রতিস্থাপন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/এমএ/১৭২৪ঘ.
bdnews24