ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনোকে বিদায় দিয়ে সোমবার নতুন বছরকে বরণ করে নেবে সারা দেশের মানুষ। বঙ্গাব্দ ১৪১৫ সালের প্রথম দিনটিকে বরণ করে নিতে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। থাকবে ঐতিহ্যবাহী মেলা আর মঙ্গল শোভাযাত্রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় জানায়, জীর্ণতাকে ঝেড়ে ফেলার প্রত্যয় ও পুরোন বছরের পাওয়া না পাওয়ার বেদনা পেছনে ফেলে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে রোববার থেকেই বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেছে চট্টলাবাসী।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে বিকেলে ডিসি হিলে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।
ক্যাপ্টেন আজিজুল ইসলামের বাঁশির সুরে সূচনা হয় বর্ষবিদায় ও নতুন বছরের আবাহন অনুষ্ঠান। এর পরপরই বিকেল ৪টায় শোভাযাত্রা বের হয়। প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন সড়ক।
শোভাযাত্রা শেষে আবার শুরু হয় অনুষ্ঠান। এতে দলীয় সংগীত পরিবেশন করে উদীচী, রক্তকরবী, আরজু সংগীত সমিতিসহ চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
রোববার সকাল থেকেই ডিসি হিল ও আশেপাশের এলাকা উৎসবের রূপ নেয়। বিভিন্ন তৈজসপত্র, খেলনা, মুখোশ, খাবার দাবারসহ হরেক রকমের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
এছাড়া, নগরীর বাওয়া স্কুল মাঠে বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদও দুইদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। রোববার সন্ধ্যায় যন্ত্র সংগীতের মধ্য দিয়ে বর্ষবিদায় অনুষ্ঠান শুরু হয়। দলীয় সঙ্গীত পরিবেশন করে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী। রাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করে।
সোমবার সকালে কবিতা পাঠের মধ্য দিয়ে ডিসি হিলে শুরু হবে পহেলা বৈশাখের দিনব্যাপী অনুষ্ঠানমালা। দলীয় সংগঠনের পাশাপাশি চট্টগ্রাম ও দেশের বিশিষ্ট শিল্পীরা একক সঙ্গীত পরিবেশন করবে। বিকাল সাড়ে চারটায় বাওয়া স্কুল মাঠে কবি মোহাম্মদ রফিকের কবিতা পাঠের মাধ্যমে সূচনা হবে বর্ষবিদায় ও বরণ সম্মিলনের অনুষ্ঠানমালা। সংগীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী শাহীন সামাদ, অদিতি মহসীন, রাহাত আরা গীতি ও বাউল সুনীল কর্মকার।
এছাড়া পহেলা বৈশাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। চট্টগ্রাম প্রেসক্লাব দিনব্যাপী পিঠা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে নগরী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। ডিসি হিলসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করেছে সিএমপি। পুলিশ ছাড়াও র্যাবের নিয়মিত টহল দলের বাইরেও অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে ডিসি হিলসহ অন্যান্য অনুষ্ঠানস্থলে।
সিলেট প্রতিনিধি জানান, সোমবার ভার সাড়ে ৬টায় 'আনন্দলোক' এর বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হবে। ভোরে নগরীর মীরের ময়দানে শ্রীহট্ট সংস্কৃতি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন একুশে পদক পাওয়া কবি দিলওয়ার।
সিলেট সিটি কর্পোরেশন বর্ষবরণ উপলক্ষে সোমবার শোভাযাত্রা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় নগর ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনার, চৌহাট্টাসহ বিভিন্ন সড়ক ঘুরে নগরভবনে গিয়ে শেষ হবে। উদীচী শিল্পীগোষ্ঠীও নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের কর্মসূচির মধ্যে আছে- সকাল ১০টায় শোভাযাত্রা, বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় গীতিআলেখ্য 'ইতিহাস কথা কও'। মিরাবাজারের সিলেট মডেল হাইস্কুলে অনুষ্ঠান উদ্বোধন করবেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাশ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। সিলেট এমসি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগও অনুষ্ঠান করবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট বর্ষবরণ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রা বের করবে সকাল ১০টায়। একইস্থানে বিকেল ৩টা থেকে আয়োজন করা হয়েছে আবৃত্তি, নৃত্য, নাটক, সঙ্গীতানুষ্ঠান ও বাউলগানের। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সকাল ৮টা থেকে নগরীর ভোলানন্দ নৈশ বিদ্যালয় মাঠে বৈশাখী উৎসবের আয়োজন করেছে।
সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শুরু হবে ভোর ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ পুরোন আদালত প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, 'দেশীয় সংস্কৃতি চর্চায় মর্যাদা বাড়ে' এই স্লোগান সামনে রেখে বাগেরহাটে সোমবার থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটি নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এর মধ্যে রয়েছে, বাগেরহাট স্টেডিয়াম থেকে সোমবার সকাল সাড়ে ৭টায় শোভাযাত্রা এবং প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের স্বাধীনতা উদ্যানে বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্য মীর ফজলে সাইদ ডাবলু জানান, পুরাকীর্তিতে সমৃদ্ধ বাগেরহাটের লোকজ সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। তাই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তাদের অনুষ্ঠান সাজিয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মো. কামরুল হাসান ফেরদৌস বলেন, "হারিয়ে যেতে বসা লোকজ গান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু, লাঠি ও ঘুড়ি ওড়ানোসহ আট দিনব্যাপী নানা অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য রয়েছে নাগরদোলার ব্যবস্থা।"
পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান জানান, বর্ষবরণ ও বৈশাখী মেলার নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে সাদা পোশাকের পুলিশসহ টহল পুলিশ মোতায়েন থাকবে।
নড়াইল প্রতিনিধি জানান, বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে নববর্ষের প্রথম সকালে ৬টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ইলিশ পান্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সুলতান মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
সুলতান মঞ্চ চত্বরে সোমবার থেকে শুরু হবে চার দিনব্যাপী মেলা। মেলা চলার সময় প্রতিদিন বিকেলে সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।
শিল্পকলা একাডেমির উদ্যোগে নতুন বছরের প্রথম দিনে একাডেমি চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমএসবি/এসএনডি/২২২৭ ঘ.
bdnews24