২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক ডাকাতি: প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবেন ক্ষতিগ্রস্তরা

ব্র্যাক ব্যাংকের ধানমণ্ডি শাখায় ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ক্ষতিপূরণের জন্য সুনির্দিষ্ট সময়সীমা চাইলেও ব্যাংক কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট তারিখ দিতে হলেও তাদের দুই মাস সময় লাগবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্র্যাক ব্যাংকের ধানমণ্ডি শাখায় ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ক্ষতিপূরণের জন্য সুনির্দিষ্ট সময়সীমা চাইলেও ব্যাংক কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট তারিখ দিতে হলেও তাদের দুই মাস সময় লাগবে। ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত গ্রাহকরা জানিয়েছেন, তারা এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের সঙ্গেও দেখা করার চেষ্টা করবেন তারা। গত সোমবার দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে বৈঠকে বসে। কিন্তু প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেও কোনো সমাধান আসেনি। গ্রাহকদের পক্ষে রাবেত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ বৈঠক হলেও ফলাফল শূন্য। আমরা ক্ষতিপূরণের জন্য সুর্নিদিষ্ট তারিখ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তা কৌশলে এড়িয়ে গেছে। ব্যাংক কর্মকর্তারা আমাদের বলছে, কবে ক্ষতিপূরণ দেয়া যাবে তা দুই মাস পর বলা যাবে। এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না।" তিনি জানান, বৈঠকে কোনো ফলাফল না আসায় তারা আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে এ ব্যাপারে অভিযোগ জানানোর চেষ্টা করবেন। এরপর প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের সঙ্গেও দেখা করার চেষ্টা করবেন তারা। বৈঠক প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবেদুর রহমান সিকদার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গ্রাহকদের বলেছি, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। তাদের ক্ষতিপূরণ দেয়া হবে না এমন কথা ব্যাংক কখনোই বলেনি।" আবেদুর রহমান বলেন, "আমরা পুলিশের সঙ্গে কথা বলে জেনেছি, মামলা শেষ করতে আরো দুই মাস সময় লাগতে পারে। পুলিশের বক্তব্য আমরা গ্রাহকদের জানিয়ে দিয়েছি। তাদের বলা হয়েছে, মামলার নিষ্পত্তি হলেই ক্ষতিপূরণের একটি ব্যবস্থা করা হবে। কিন্ত তারা তা মানতে রাজি নন।" গত ৫ জানুয়ারি গভীর রাতে ব্র্যাক ব্যাংকের ধানমণ্ডি শাখার ছাদ কেটে স্ট্রং রুমে ঢোকে ডাকাতরা। ব্যাংকের ৭৫টি লকার ভেঙে ৬০টিতে থাকা সোনার গহনাসহ গচ্ছিত সব মূল্যবান সম্পদ নিয়ে যায় তারা। এরপর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবির মুখে ব্যাংক কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ৯০ দিনের মধ্যে লুট হওয়া মাল উদ্ধার করা না গেলে ক্ষতিপূরণ দেয়া হবে। সেই ৯০ দিন গত সোমবার শেষ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্র"ত ক্ষতিপূরণ না পেয়ে গ্রাহকরা সোমবার বিকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই শাখা কার্যালয়ে অবস্থান ধর্মঘট করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ বিষয়ে বৈঠকে বসার আশ্বাস দিলে গ্রাহকরা ব্যাংক কার্যালয় ত্যাগ করেন। ওই ডাকাতির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার এবং প্রায় পাঁচশ ভরি সোনার গহনা উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২৩২০ ঘ.