ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন নিয়ে সংশয় দূর করার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে অনুরোধ করেছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান।
প্রধান উপদেষ্টার বাসভবনে শনিবার রাতে অনুষ্ঠিত একান্ত বৈঠকে আকবর আলি খান এ অনুরোধ জানান। বর্তমান খাদ্য সঙ্কটের বিষয়টি বিবেচনায় রেখে আগামী বাজেটে কৃষি খাতের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ গ্রহণেরও পরামর্শ দিয়েছেন তিনি।
আকবর আলি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে সংশয় আছে। প্রধান উপদেষ্টাকে এ বিষয়টি পরিষ্কার করার পরামর্শ দিয়েছি।"
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অর্থনৈতিক উন্নয়নের জন্য তিন থেকে পাঁচ বছর মেয়াদি একটি জাতীয় পরিকল্পনা গ্রহণেরও সুপারিশ করেন।
এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি বর্তমান খাদ্য সঙ্কট মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব করেছি। আগামী বাজেটে কৃষিখাতের জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি। এজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দেরও প্রস্তাব করেছি। এছাড়া, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তিন থেকে পাঁচ বছর মেয়াদি জাতীয় পরিকল্পনা গ্রহণেরও সুপারিশ করেছি।"
নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেনো তারা যাতে ওই পরিকল্পনা পরিবর্তন না করে সে বিষয়টি মাথায় রেখে কাজ করার জন্যও প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান আকবর আলি খান।
রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত সোয়া ঘণ্টার বৈঠকে আরআরসি চেয়ারম্যান বর্তমান খাদ্য সঙ্কট মোকাবিলায় নেওয়া সরকারি পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় জাতির সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য সরকারপ্রধানকে পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা এসব পরামর্শ বিবেচনার আশ্বাস দিয়েছেন
bdnews24