ইয়াউন্দে, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চালের দাম ক্রমেই বেড়ে চলায় আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে গণবিক্ষোভ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছে দেশগুলোর সরকার।
শুধু আফ্রিকাতেই নয়, গত ছয় মাসে ইন্দোনেশিয়া, ভারতের পূর্বাঞ্চল, এমন কি মেক্সিকোতেও চালের দাম বাড়ার প্রতিবাদে ছোট-বড় বিভিন্ন দাঙ্গার ঘটনা ঘটেছে।
সবচেয়ে বেশি দুর্দশায় আছে মৌরিতানিয়া, সেনেগাল, ক্যামেরুন, মোজাম্বিক, বুর্কিনা ফাসোসহ সাব-সাহারা আফ্রিকার ভঙ্গুর অর্থনীতির দেশগুলোর মানুষ। চালের দাম কমাতে দেশগুলোর সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সাধারণ মানুষ সেগুলো যথেষ্ট মনে করছে না।
এসব দেশে জনগণের মাথাপিছু আয় দিনে ২ মার্কিন ডলারেরও কম। পারিবারিক আয়ের সিংহভাগই খাবার কেনায় ব্যয় হয় বলে খাবারের দাম সামান্য বেড়ে গেলেই বিপর্যয় নেমে আসে। ভৌগলিক পরিবেশের প্রভাব তো রয়েছেই, তার ওপর কৃষি ব্যবস্থায় এখনো মূলত প্রাচীন পদ্ধতিই ব্যবহার করা হয় বলে এ সব দেশকে খাদ্যের জন্য মূলত আমদানির ওপরেই নির্ভর করতে হয়।
মৌরিতানিয়া খাদ্য চাহিদার ৭০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে থাকে। এই দেশের মানুষ এখন একবেলা না খেয়ে থাকছে বা আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে।
চালের দাম বাড়ায় ফেব্র"য়ারিতে বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাডুগুতে দাঙ্গা হয়। গ্রেপ্তার হয় তিনশ' লোক। দাঙ্গার কারণে সরকার তিন মাসের জন্য চাল আমদানির ওপর থেকে শুল্ক উঠিয়ে নিতে বাধ্য হয়।
দাঙ্গায় সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলোর একটি পাত্তে ডি'ওই। ওই এলাকার ব্যবসায়ী ওসমান সানৌ বলেন, "মানুষ কি করবে, কার কাছে যাবে তা আর বুঝতে পারছে না। আমরা ভয়ঙ্কর দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি। তারা শুধু জানে অবস্থা পরিবর্তনের জন্য সরকারকেই কিছু করতে হবে।"
সানৌ বলেন, সামান্য কিছু খাবার জোগাড় করাতে আমাদের মধ্যে অনেকেই হকার হয়েছে, অনেকে গাড়ি ঠেলার কাজ করতে শুরু করেছে। মেয়েদের মধ্যে কেউ কেউ দেহ ব্যবসায় নেমেছে।
দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার খরচ বাড়ার অনেক কারণ রয়েছে। তেলের দাম বাড়ার পাশাপাশি চীন ও ভারতের মতো বড় দেশগুলোর খাদ্য মজুদ, শক্তি চাহিদা পূরণে বায়োগ্যাসের ব্যবহার বাড়ায় কারণে খাদ্যশস্যের ওপর চাপ বেড়েছে। এছাড়া বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনে ভূমির উৎপাদনশীলতা কমে যাওয়াও এই দাম বাড়ায় প্রভাব ফেলেছে।
এশিয়াতেও চালের দাম বাড়ায় বিভিন্ন দেশের সরকার চালের বাজার স্থিতিশীল রাখতে নানা ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। চলতি বছরের শুরুতে ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো বার্ষিক ১৫ লাখ টন চালের সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম সরকারকে অনুরোধ করেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো ব্যামব্যাং ইয়োধইয়োনো চালের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে পাম অয়েল, গম, চাল ও সয়াবিনকে কেন্দ্র করে নতুন পদক্ষেপ ও কৌশল গ্রহণের পরিকল্পনা করেছেন।
লাতিন আমেরিকার দেশ পেরু গত সপ্তাহে দেশের গরিব জনগণের মধ্যে খাবার বিতরণ এবং তেলের দাম কমানোর জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য সরকারের বর্তমান জনপ্রিয়তা ধরে রাখা এবং পরবর্তী নির্বাচনে আবার নির্বাচিত হওয়া।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গত ছয় মাসে আফ্রিকার বেশ কয়েকটি দেশের প্রধান খাদ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ বা আরও বেশি। আর চলতি মাসে আফ্রিকায় সাধারণ মূল্যস্ফীতির হারের চেয়ে খাদ্য পণ্যের মূল্যস্ফীতির হার ২ দশমিক ৮ শতাংশ বেশি।
গত ফেব্র"য়ারিতে আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকায় মুদ্রাস্ফীতির হার পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছায়। জানুয়ারি মাসে এই হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। এই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর টিটো বোয়েনি ভোক্তাদের "সংযত হতে" বলেছেন।
ডব্লিউএফপির প্রতিনিধি জিয়ান কার্লো সির্রি বলেন,"প্রধান খাদ্যের মূল্যবৃদ্ধি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগে কখনও এমন দেখা যায় নি। এখনই যদি কিছুু না করা হয় আগামী গ্রীষ্ম খুবই সংকটপূর্ণ হবে।"
ডব্লিউএফপি পূর্বাভাস দিয়েছে যে, তাদের খাদ্য ক্রয় ও বিতরণের কর্মসূচিতে ৫০ কোটি ডলার ঘাটতি দেখা দিবে, ফলে তাদের এখন দাতাদের সাহায্য প্রয়োজন।
যদিও সরকারের শুল্ক উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত ওই দেশগুলোতে মূল অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখার কাজের গতি অনেক কমিয়ে দিবে, কিন্তু দেশের সরকার ও গরিব মানুষদের একটা বড় দুর্যোগ থেকে রক্ষা করবে বলে মনে করা হচ্ছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড আফ্রিকার গবেষণা প্রধান রাজিয়া খান বলেন, "বিশেষ করে এই অঞ্চলে খুব কম দেশ আছে, যাদের স্থানীয় স্বাভাবিক অর্থনৈতিক উদ্যোগ এই সমস্যার সমাধান করবে। যে ব্যবস্থাই নেয়া হোক না কেন, আমদানি করা খাদ্যের দাম ভোক্তাশ্রেণীর উপর প্রভাব ফেলবেই।"
ফলে আইএমএফের সুপারিশ অনুযায়ী আফ্রিকার দেশগুলোকে খাদ্য সহযোগিতা ও ভর্তুকি গ্রহণ করেই এই সমস্যার সমাধান করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/কিউএইচ/এসএইচ/১৯৩২ ঘ.
bdnews24