রাজবাড়ী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোন সংশয় বা দ্বিধা থাকা উচিৎ নয়।
তিনি বলেন, "২০০৮ সালের মধ্যে দেশে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে রাত দিন কাজ করে যাচ্ছে।"
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নিবন্ধন কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন।
তিনি বলেন, "ইতোমধ্যে পাঁচ কোটি ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। যা একটি রেকর্ড। কাজেই যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোন সংশয় বা দ্বিধা থাকা উচিত নয়।"
দেশের প্রত্যন্ত ও উপকুলীয় অঞ্চলে ভোটার নিবন্ধন কাজ শেষ হয়েছে বলেও সিইসি জানান।
দেশে গণতন্ত্রের সুষ্ঠু ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদেরকে সৈনিকের মত কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। একটি নির্ভুল ভোটার তালিকা তৈরিতে সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে মোবাইল ফোন নম্বর লিপিবদ্ধ করার প্রয়োজনীতার উপর গুরুত্ব আরোপ করে ড. শামসুল হুদা বলেন, "দেশে তিন কোটি লোকের মোবাইল ফোন রয়েছে। প্রয়োজনীয় তথ্য এবং ভূলভ্রান্তি সংশোধনের ক্ষেত্রে মোবাইল ফোন যথেষ্ট ভূমিকা রাখতে পারে।"
প্রধান নির্বাচন কমিশনার নির্দিষ্ট সময়ে যোগ্য সব নাগরিককে ভোটার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন এ প্রক্রিয়া শেষে ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্র তৈরি করা তাদের জন্য খুবই কষ্ট সাধ্য হয়ে পড়বে।
তিনি জানান, দেশের বাইরে প্রবাসে বাংলাদেশি যারা রয়েছে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। লোক নিয়োগের মাধ্যমে লন্ডন থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, "২০০৮ সালেই এ কাজ শুরু করা হবে।"
রাজবাড়ীর জেলা প্রশাসক মুহম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া-১১ আর্টিলারির ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান পিএসসি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা রফিক উদ্দিন মণ্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24