২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগে নলছিটির ইউএনও'র বিরুদ্ধে মামলা

একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগে বুধবার নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঝালকাঠি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগে বুধবার নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মুক্তিযোদ্ধা কাজী মাহবুব আলম লাটুর স্ত্রী কাজী মাহবুবা বেগম বুধবার ঝালকাঠির বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মো. আসাদুল্লাহ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেকেন্দার হায়াত রিজভী, উপজেলা ভূমি অফিসের কানুনগো ওমর আলী মোল্লা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলতাফ হোসেন তালুকদার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু হানিফ, অফিস সহকারী মো. শহিদুল ইসলাম সাগর, চেইনম্যান মো. আলমগীর হোসেন এবং মো. বাছেত শরীফ ও মো. হুমায়ূন কবির নামের দুই ব্যক্তি। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে এ মামলার আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা লাটু তার বরাদ্দ পাওয়া জমিতে হাঁস-মুরগির খামার করার জন্য গত ১৪ মার্চ অস্থায়ী ঘর নির্মাণ করতে গেলে আসামিরা তাকে বাধা দেয় এবং ঘরটি ভেঙে ফেলে। সে সময় ইউএনও নিজে একটি কাঠের রোলার দিয়ে লাটুকে প্রহার করে। পরে জনতা ও পুলিশ তাকে উদ্ধার করে। খবর পেয়ে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনিরুজ্জামন মনির সেখানে উপস্থিত হয়ে ছবি তুলতে গেলে ইউএনও তাকেও মারধর করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। এজাহারে আরও বলা হয়, আহত লাটু নলছিটি স্বাস্থ্যকেন্দ্রে গেলে আসমিদের হুমকিতে সেখানকার চিকিৎসারা তার চিকিৎসা না করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলে। তাছাড়া ঘটনার দিন বিকেলে নলছিটি থানায় এ বিষয়ে অভিযোগ করতে গেলে পুলিশ তা নেয়নি। এদিকে মুক্তিযোদ্ধা নির্যাতনের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউএনওর অপসারণ ও বিচার দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১১০ ঘ.