ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে নড়াইলের সাবেক সাংসদ ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহীদুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন।
তিনি এখন কারাগারে আছেন। তার আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
১৬ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর রায় দেওয়ার এ দিন ধার্য করেন বিচারক।
গত বছরের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মুফতি শহীদুল ও তার স্ত্রী নাদিরা বেগমের বিরুদ্ধে মামলাটি করেন।
কমিশন পরে তদন্ত শেষে শহীদুলের বিরুদ্ধে ২৯ লাখ ৮ হাজার ৫৩২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে অভিযোগপত্র দেয়। এতে তার স্ত্রীকে অব্যাহতি দেওয়া হয়।
৩১ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৩ ফেব্র"য়ারি থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলে। ওই তালিকায় শহীদুলের নাম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১২৫৪ঘ.
bdnews24