২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিও পাওয়ার ১৫-৪৫ দিনের মধ্যে বাজারে পণ্য সরবরাহে রাজি ব্যবসায়ীরা

আমদানিকারকদের কাছ থেকে সরবরাহ আদেশ (ডিও) পাওয়ার পর পণ্য ভেদে ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে গুদাম থেকে বাজারে সরবরাহ করতে রাজি হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে এক বৈঠকে তারা এই ব্যাপারে সম্মতি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানিকারকদের কাছ থেকে সরবরাহ আদেশ (ডিও) পাওয়ার পর পণ্য ভেদে ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে গুদাম থেকে বাজারে সরবরাহ করতে রাজি হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে এক বৈঠকে তারা এই ব্যাপারে সম্মতি দেন। চাল, ডাল, গম ও ভোজ্যতেলের মতো ভোগ্যপণ্য মাসের পর মাস গুদামে ফেলে রাখার পরিবর্তে আমদানির পর নির্ধারিত একটি সময়ের মধ্যে যাতে বাজারে সরবরাহের বিষয়টি কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব হাউসে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিও বিক্রির পর ভোজ্যতেলের ক্ষেত্রে ১৫ দিন, চাল ও ডালের ক্ষেত্রে ৩০ দিন এবং গমের চালান ৪৫ দিনের মধ্যে গুদাম থেকে বাজারে সরবরাহ করতে হবে। বৈঠকে সব আমদানিকারক ও ডিও ব্যবসায়ীদের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম না বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রকৃত ডিও ব্যবসায়ী ছাড়া আমদানিকারকদের ছদ্ম পরিচয়ে ডিও ব্যবসা না করতে এবং ভোজ্য তেলের ক্ষেত্রে সরকারের বেধে দেওয়া নিয়ম মেনে চলার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়। আমদানিকারকরা আমদানি করার পণ্যের চেয়ে বেশি ডিও বাজারে ছাড়বেন না বলে সম্মত হন। কোন কারণে গুদামে বেশি দিন পণ্য সংরক্ষণ করা হলে গুদাম মালিকরা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও সিদ্ধান্ত হয়। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে সহায়তা করবে বলে বিডিআর মহাপরিচালক ও বৈঠকে উপস্থিত উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আবারও আশ্বস্ত করেন ব্যবসায়ীরা। বৈঠকে বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ বলেন, ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার পর্যায়ে নেই। অসহনীয় বাজার মূল্যের কারণে মানুষ কষ্টে আছে, বিশেষ করে নিু আয়ের মানুষ বেশি কষ্টে আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ ভোগ্যপণ্য মজুদ রয়েছে। যতটা সম্ভব কম দামে ভোগ্যপণ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য সবাইকে কাজ করতে হবে। পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দেশের শীর্ষ স্থানীয় আমদানীকারক প্রতিষ্ঠান পিএইচপি গ্র"পের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, এস আলম গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, মাসুদ অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর চৌধুরী, মোস্তফা গ্র"পের প্রধান নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলম, ইমাম গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, আলম গ্র"প অব কোম্পানিজের চেয়ারম্যান এম এস আলম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক ওমর আজম প্রমুখ উপস্থিত ছিলেন। পিএইচপি গ্র"পের সুফী মিজানুর রহমান খাতুনগঞ্জে র‌্যাব-বিডিআর না পাঠানোর জন্য অনুরোধ করেন। তিনি বলেন, দেশে এবার যে ফলন হয়েছে তাতে আগামী দুইমাস পরে খাদ্যের অভাব হবে না। তিনি ব্যবসায়ীদের কৃষিতে বিনিয়োগের আহবান জানান। মাসুদ অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর চৌধুরী বলেন, দেশে প্রতিমাসে চাহিদা এবং আমদানি সম্পর্কিত তথ্য এখনও জানা সম্ভব হয় না। শুধু বাংলাদেশ নয়, বিশ্বে খাদ্যশস্যের সংকট রয়েছে। আশপাশের দেশগুলো যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। ডিও ব্যবসায়ী মো. জামাল ডিও ব্যবসার সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১০৩ ঘ.