সিলেট, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কমিশনার আজাদুর রহমান আজাদ বৃহস্পতিবার সিলেটের একটি আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
আজাদুর রহমান আজাদ জেলার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিচারক ফেরদৌস আহমদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে সিলেট কারাগারে পাঠানো হয়।
আজাদের আইনজীবী অ্যাডভোকেট নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের ২৯ জুলাই রাতে সিলেট নগরীর ইউনাইটেড সেন্টারে জেলা যুবলীগের সম্মেলনে গোলাগুলির ঘটনায় করা মামলার আসামি আজাদুর রহমান আজাদ। সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত বিশেষ আদালত তার বিরুদ্ধে গত বছরের ১৮ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি
bdnews24