ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। এছাড়া, মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও দু'জন আহত হয়েছেন।
সিলেট প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমা থানার লালাবাজারের ভরাউট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে মারা যান বরগুনার বেতাগী উপজেলার কবির মিয়া (৩০)। আনুমানিক ২৫ বছর বয়সী আরেকজনের পরিচয় জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ভোর ৪টার দিকে সিলেটগামী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ট্রাকটির ভেতরে ঘুমন্ত দু'জন রাস্তায় ছিটকে পড়ে মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, রাজানগর উপজেলার মহলাল গ্রামের আশ্রাকাপন রাস্তার মোড়ে মিনিবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ফখরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফখরুলের স্ত্রী রেহানা বেগম (৩৫) ও ছেলে রাসেল (১৭)।
ফখরুল কুলাউড়া উপজেলা সদরের উচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার গ্রামের বাড়ি কুলাউড়ার কাদিপুর গ্রামে।
রাজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফখরুল সিএনজি অটোরিকশা করে স্ত্রী-ছেলেসহ মৌলভীবাজার যাচ্ছিলেন। এ সময় কুলাউড়াগামী একটি মিনিবাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়।
মিনিবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২৭ ঘ.
bdnews24