ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ-২০০৮ এ মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার স্থানীয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ তিনটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এক প্রেস ব্রিফিং বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে 'স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ কমিটি'র প্রতিবেদন অনুসারে এ আইনসমূহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদে পাঠানোর আগে আইন মন্ত্রণালয় আইনের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং এর প্রয়োজন হয়। এর আগে আইন মন্ত্রণালয় খতিয়ে দেখলে দ্রুত অধ্যাদেশ জারি করা যাবে।
উপদেষ্টা বলেন, "এ মাসের শেষ নাগাদ অধ্যাদেশ জারির চেষ্টা করব, যেন নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ ধরে চলতে পারে।"
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচন পর্যায়ক্রমে হতে পারে। উপজেলা অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হবে। ৮০টি উপজেলায় ভোটার তালিকা হয়ে গেছে। নির্বাচন কমিশন ইচ্ছা করলে নির্বাচন করতে পারে। স্থানীয় সরকার নির্বাচন মে থেকে শুরু হতে পারে। অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে।
আনোয়ারুল ইকবাল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। অতীতে কখনোই রাজনৈতিক ব্যানারে নির্বাচন হয়নি। এ নিয়ে নির্বাচন কমিশন বিধি ও আচরণ বিধি তৈরি করবে।
তিনি বলেন, তিন সদস্যের স্থানীয় সরকার কমিশন হবে। কমিশনের কর্মপদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় সরকারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ক্ষমতা কিছুটা হ্রাস করা হয়েছে। মন্ত্রণালয় কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২১৩৯ ঘ.
bdnews24