পাবনা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানা এলাকায় মঙ্গলবার র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
নিহতের নাম আব্দুস সামাদ ওরফে ধলা সামাদ (৪৫)। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে জানিয়ে র্যাব বলেছে, সামাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা আহমেদ ফয়সাল সাংবাদিকদের জানান, আতাইকুলার নন্দনপুর কাঁঠালবাগান এলাকায় 'চরমপন্থীদের' বৈঠকের খবর পেয়ে র্যাবের একটি দল মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালায়। ৪টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে 'চরমপন্থীরা' গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ হয়ে সামাদ ঘটনাস্থলেই মারা যায় বলে আহমেদ ফয়সাল জানান। ওই সময় সামাদের সহযোগীরা পালিয়ে যায়।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গুলি এবং হাত বোমা উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৫ ঘ.
bdnews24