কক্সবাজার, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও এলাকায় বড় ধরনের অপরাধ হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ।
তিনি বলেছেন, "কোনও এলাকায় বড় ধরনের অপরাধ হলে ওই এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরখাস্ত হবেন। কেননা তার দায়িত্বটাই আগে। তিনি কেন আগেই এলাকার পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলেন না। তার দায়িত্বটাই তো আগেভাগে খবর নেওয়া।"
শুক্রবার রাতে কক্সবাজারে 'কমিউনিটি পুলিশিং সমাবেশে' বক্তৃতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এ কথা বলেন। শনিবার সকালে তিনি কক্সবাজার সাগর সৈকতে 'সৈকত পুলিশ ফাঁড়ি'র নতুন ভবনের ভিত্তি স্থাপন এবং কক্সবাজার মডেল থানা উদ্বোধন করেন।
সৈকত পুলিশ ফাঁড়ির ভিত্তিস্থাপন অনুষ্ঠানে আইজিপি জানান, পর্যটকদের নিরাপত্তায় 'টুরিস্ট পুলিশিং'র কথা ভাবা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবও পুলিশ সদর দপ্তরে রয়েছে।
তিনি বলেন, "টুরিস্ট পুলিশ ব্যবস্থা বাস্তবায়ন হলে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১৩০ কিলোমিটার এলাকা তাদের আওতায় থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি তারাই দেখবে।"
এ প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ দিয়ে পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশপ্রধান জানান।
পুলিশ বাহিনীর সীমাবদ্ধতার কথা তুলে ধরে নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "সারাদেশে বর্তমানে ১ লাখ ২৩ হাজার পুলিশ সদস্য রয়েছে। অর্থাৎ ১৩০০ মানুষের জন্য একজন পুলিশ। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে তুলনা করলে এ মুহূর্তে বাংলাদেশে ৩ লাখ পুলিশের প্রয়োজন।"
শুক্রবার রাতে কমিউনিটি পুলিশের সমাবেশে আইজিপি নূর মোহাম্মদ বলেন, "কমিউনিটি পুলিশিং চালু হওয়ার পর দেশের থানাগুলোতে মামলা কমে গেছে। কমিউনিটি পুলিশের কর্মকর্তারাই এখন ছোটখাটো সমস্যার সমাধান দিতে পারেন।"
তিনি বলেন, "মামলা করলে যেখানে দু'পক্ষকে আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো, কমিউনিটি পুলিশিং সে সমস্যা থেকে জনগণকে মুক্তি দিতে পেরেছে।"
আইজিপি বলেন, "সংস্কারের মধ্য দিয়ে পুলিশ বাহিনীতে পরিবর্তন এসেছে। এখন থানা হবে ভালো মানুষের জায়গা, টাউটরা থানায় থাকবে না।"
সাধারণ মানুষের আস্থা অর্জনে আরও সেবাপরায়ণ হওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে নুর মোহাম্মদ বলেন, "থানায় কেউ এলে তার সমস্যার কথা শুনতে হবে। জনগণের সেবায় তাকে দৌড়াতে হবে।"
পুলিশপ্রধান নূর মোহাম্মদ তিন দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসেন। শনিবার দুপুরে তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে গিয়েছেন। সেখানে আদিনাথ মন্দির ও বৌদ্ধ মন্দিরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। রোববার তার কক্সবাজার ছাড়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরও/১৪৫৮ ঘ.
bdnews24