ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাদীর টাকা ফেরত দিয়ে আরও একটি প্রতারণা মামলা থেকে বুধবার রেহাই পেয়েছেন জনকণ্ঠ সম্পাদক ও গ্লোব কনস্ট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ।
একই মামলার আসামি গ্লোব কনস্ট্রাকশনস এর মহাব্যবস্থাপক আশরাফুল হক ও কর্মকর্তা তোফায়েল আহমেদকেও খালাস দিয়েছে আদালত।
টাকা ফেরত পাওয়ার পর বাদী আর মামলা চালাতে রাজি না হওয়ায় ঢাকার মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী বুধবার বিকেলে এ রায় দেন। এ সময় আতিকউল্লাহ খান মাসুদ আদালতে উপস্থিত থাকলেও অপর দুই আসামি পলাতক ছিলেন।
আতিকউল্লাহ খানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "পাওনা টাকা ফেরত পাওয়ায় বাদী আর এ মামলা চালাতে রাজি নন। বিষয়টি তিনি আদালতকে লিখিতভাবে জানানোর পর হাকিম অভিযুক্তদের খালাস দিয়েছেন।"
রাজধানীর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী এ কে এম ফজলুল হক গত বছরের ৩ এপ্রিল রমনা থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, বাদী এলিফ্যান্ট রোডে একটি ফ্ল্যাট কেনার জন্য ২০০৩ সালের ৩ মার্চ আসামিদের ৮ লাখ ১২ হাজার ৮শ' টাকা দেন। কিন্তু অভিযুক্তরা তাকে ফ্ল্যাট কিংবা টাকা কোনোটাই দেয়নি।"
এর আগে বাদীর টাকা ফেরত দিয়ে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত আরেকটি প্রতারণা মামলা থেকে রেহাই পান আতিকউল্লাহ খান ও আশরাফুল হক। গত বছরের ১৭ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই মামলার রায় দেয়।
বুধবার আতিকুল্লাহ খানের বিরুদ্ধে একই অভিযোগের আরো ৫টি মামলার রায় হওয়ার কথা থাকলেও রায় লেখা শেষ না হওয়ায় হাকিম মো. এমরান হোসেন চৌধুরী আগামী ১২ মার্চ রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন।
আতিকুল্লাহ খানের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, ওই পাঁচ মামলাতেও বাদীর টাকা ফেরত দিয়ে রফা করেছেন তার মক্কেল।
আতিকুল্লাহ খানের বিরুদ্ধে অন্তত বিশটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে বুধবার আরও একটি মামলায় খালাস পেলেও এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে আজাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৯০০ ঘ.
bdnews24