২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে আটটি বোমা উদ্ধার

রংপুর মেডিকেল কলেজের শহীদ ডা. মুক্তা ছাত্রাবাস থেকে মঙ্গলবার রাতে আটটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

রংপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজের শহীদ ডা. মুক্তা ছাত্রাবাস থেকে মঙ্গলবার রাতে আটটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ইসলামী ছাত্র শিবিরের দুই নেতার কক্ষের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে পুলিশ বলছে, বোমাগুলো কারও হেফাজত থেকে উদ্ধার না হওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মেডিকেল কলেজের শিবির নিয়ন্ত্রিত মুক্তা ছাত্রাবাসের ২৩ ও ২৪ নম্বর কক্ষের মাঝের বাথরুমের সানশেডের ওপর থেকে আটটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কক্ষ দুটিতে শিবির নেতা মাসুদুল হক ও আব্দুল্লাহ আল মামুন থাকেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা তাজা বোমাগুলো থানায় এনে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ওসি জানান। বোমা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, "বোমাগুলো তো কারও পজেশনে পাওয়া যায়নি। পাওয়া গেছে বাথরুমের কার্নিসে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.