২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার অধ্যাদেশ চূড়ান্ত করতে গোলটেবিল বৈঠক করবে সরকার

তথ্য অধিকার অধ্যাদেশ- ২০০৮ এর প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছে। এটি চূড়ান্ত করার আগে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের মতামত জানতে গোলটেবিল বৈঠক করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার অধ্যাদেশ- ২০০৮ এর প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছে। এটি চূড়ান্ত করার আগে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের মতামত জানতে গোলটেবিল বৈঠক করবে সরকার। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, গোলটেবিল বৈঠকে সুশীল সমাজ, বেসরকারি প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানকার সুপারিশ ও মতামত তথ্য অধিকার অধ্যাদেশের প্রাথমিক খসড়ায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে। জনমত যাচাইয়ের জন্য প্রাথমিক খসড়াটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.moi.gov.bd) দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ই-মেইল moisecretary@yahoo.com, addsecmoi@yahoo.com, jsadm_moi@yahoo.com, jsdev_moi@yahoo.com I jsbmoi@yahoo.com ঠিকানায় খসড়াটির বিষয়ে যে কেউ ২৩ মার্চ পর্যন্ত মতামত বা সুপারিশ পাঠাতে পারবে। এর আগে অধ্যাদেশটি প্রণয়নে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (উন্নয়ন) সভাপতি করে আট সদস্যের কমিটি করা হয়। তারা আইন কমিশনের তথ্য অধিকার সংক্রান্ত প্রতিবেদন ও সার্কভুক্ত দেশগুলোর বিদ্যমান আইন পর্যালোচনা করে প্রাথমিক খসড়াটি প্রস্তুত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১৯৩৮ ঘ.