২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার পানি এনে ঢাকার নদীর উচ্চতা বাড়ানোর পরিকল্পনা

পানি কমে যাওয়াসহ নানা কারণে দূষিত হয়ে পড়ছে ঢাকার আশপাশের নদীগুলো। তাই যমুনা নদী থেকে পানি এনে এসব নদীর পানির উচ্চতা চার ফুট পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি কমে যাওয়াসহ নানা কারণে দূষিত হয়ে পড়ছে ঢাকার আশপাশের নদীগুলো। তাই যমুনা নদী থেকে পানি এনে এসব নদীর পানির উচ্চতা চার ফুট পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ওয়াটার-এইড বাংলাদেশ আয়োজিত দুই দিনের প্রদর্শনী উদ্বোধনের পর স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, "এসব (ঢাকার আশপাশের) নদীর পানি বিশুদ্ধ করার মাধ্যমে নগরবাসীর খাবার পানির চাহিদা পূরণ করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে এক হাজার কোটি টাকার একটি প্রকল্প বিবেচনাধীন রয়েছে।" এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ হস্তচালিত নলকূপের মধ্যে ২৯ শতাংশের পানি আর্সেনিকদুষ্ট। এর ফলে দেশের প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি জানান। আনোয়ারুল ইকবাল বলেন, "সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে প্রায় ৭০ লাখ হস্তচালিত নলকূপ স্থাপন করা হয়েছে। এতে দেশের ৯৭ শতাংশ মানুষের মধ্যে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হয়েছিল। কিন্তু কিছু নলকূপে আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ায় বর্তমানে বিশুদ্ধ পানির সরবরাহের মাত্রা ৭৬ শতাংশে নেমে এসেছে।" স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, "স্থানীয় সরকার ও প্রশাসনের সহায়তায় দেশে প্রায় ৮৫ শতাংশ স্যানিটেশন সাফল্য অর্জিত হয়েছে। শতভাগ স্যানিটেশন সাফল্য অর্জনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে পুরস্কার দেওয়ার ঘোষণায় প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সংস্থা ডিএফআইডি'র উপ-প্রধান সারাহ সানিয়া হাম্বি, বাংলাদেশে ওয়াটার-এইড'র ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি আজাহার আলী ও প্রকল্প ব্যবস্থাপক হাসিন জাহান। ১৯টি জেলা, তিনটি সিটি করপোরেশন ও দুটি পৌরসভা এলাকায় কর্মরত ওয়াটার-এইড ও এর ২০টি সহযোগী সংগঠনের কর্মীরা ওই অনুষ্ঠানে যোগ দেন। প্রদর্শনীতে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সম্পর্কিত বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৫১৮ ঘ.