টাঙ্গাইল, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারককৃত হাবিবুর রহমান হাবিব (২৫) নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির টাঙ্গাইল জেলার দ্বিতীয় শীর্ষ নেতা বলে পুলিশ জানিয়েছে।
হাবিবকে শনিবার রাতে বাসাইল উপজেলার হাবলা দক্ষিণপাড়া গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর থেকেই হাবিব পলাতক ছিল। শনিবার সন্ধ্যার দিকে সে বাড়িতে আসে। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশের একটি দল বাড়িতে অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সিরিজ বোমা মামলায় টাঙ্গাইল সদর ও ঢাকার পল্টন থানায় হাবিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
ওসি আবুল খায়ের আরও জানান, হাবিবের বাবার নাম শাজাহান। তার চাচাতো ভাই ইউনুস নেত্রকোনায় বোমা হামলার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এদের পরিবারের প্রায় সবাই জেএমবির সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24