২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা শাসনের বিপক্ষে রায় দিয়েছে পাকিস্তান : বাংলাদেশী পর্যবেক্ষক

পাকিস্তানে সাম্প্রতিক নির্বাচনে জনগণ স্পষ্টত সেনা শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ কারণেই নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফপন্থী দলের। পাকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণের পর ঢাকা ফিরে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমনটিই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরী। বাংলাদেশ থেকে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) ছয় সদস্য পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচন পর্যবেক্ষণে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরী ওই দলের সদস্য ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে সাম্প্রতিক নির্বাচনে জনগণ স্পষ্টত সেনা শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ কারণেই নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফপন্থী দলের। পাকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণের পর ঢাকা ফিরে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমনটিই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরী। বাংলাদেশ থেকে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) ছয় সদস্য পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচন পর্যবেক্ষণে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরী ওই দলের সদস্য ছিলেন। তিনি বলেন, "বেনজীর ভুট্টো নিহত হওয়ার আগে থেকেই পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র সেনাবিরোধী মনোভাব ছিল। বেনজীর মারা যাওয়ার পর তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মানুষের সহানুভূতি পেয়েছে এবং নির্বাচনে ভাল করেছে। আর নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) অবস্থা আগে থেকেই ভাল ছিল। নওয়াজের মোশাররফ বিরোধী কথাবার্তা জনগণকে তার প্রতি সহানুভূতিশীল করে তোলে।" অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরী গিয়েছিলেন পাঞ্জাবের ওকারা জেলায়। ১৪৬ (দীপালপুর) ও ১৪৭ (বশিরপুর) আসনের নির্বাচনী কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন তিনি। প্রত্যন্ত গ্রামের নির্বাচন পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "সেখানে প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্টদের দক্ষতার অভাব ছিল। এ কারণে কিছু অব্যবস্থাপনা ছিল। তবে কেউ ভোট কারচুপির অভিযোগ করেনি।" অধ্যাপক চৌধুরী জানান, প্রাদেশিক পরিষদের জন্য রঙিন (সবুজ) ও কেন্দ্রীয় নির্বাচনের জন্য একেবারে স্বচ্ছ ব্যালট বাক্স ছিল। তিনি এ ব্যাপারটি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করায় ভূমিকা রেখেছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের নির্বাচনেও এটি করা উচিত। পাকিস্তানের নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়নি বলেও তিনি জানান। অধ্যাপক চৌধুরী বলেন, নির্বাচনে কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত বেনজিরের দল পিপিপি এবং নওয়াজের দল পিএমএল-এন এর মধ্যে। মোশাররফপন্থী দল পিএমএল-কিউ সবার প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ায় পিপিপি ও পিএমএল-এন নিজেদের মধ্যে সংঘাতে জড়ায়নি। তবে নির্বাচনের আগে উভয় দলই সশস্ত্র মহড়া দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। অধ্যাপক চৌধুরী দিপালপুরে পাঁচজন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে শুধু নওয়াজের দলের প্রার্থী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেন তার কাছে। বাকিরা পরিবেশ নিয়ে সন্তুষ্ট ছিলেন। অধ্যাপক চৌধুরী ওই এলাকায় ভোটারদের মধ্যে তীব্র সেনাবিরোধী মনোভাব দেখেছেন। তাদের কেউ কেউ বেনজিরের মৃত্যুর জন্য মোশাররফকে দায়ী করেন। এছাড়া, বেশিরভাগ মনে করেন বেনজির মারা যাওয়ার পর মোশাররফের যা করা উচিত ছিল তা তিনি করেননি এবং তদন্ত পরিচালনায় তার ভূমিকা 'রহস্যজনক'। ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামীর প্রতি জনগণের মনোভাব তেমন ইতিবাচক ছিল না বলেও জানান অধ্যাপক চৌধুরী । তিনি বলেন, "জামায়াতে ইসলামী মোশাররফ-ঘেঁষা নীতির কারণে একেবারেই মানুষের সমর্থন পায়নি। পাকিস্তানের মানুষ মনে করে জঙ্গিদের কারণেই আজ তাদের গণতন্ত্রের এ মুমূর্ষু অবস্থা।" নির্বাচনে কিছু অব্যস্থাপনা ছিল জানিয়ে তিনি বলেন, "ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে অনেককে ঠিকমতো তালিকাভুক্ত করা হননি। ভোটার পরিচয়পত্রেও প্রচুর ভুল পাওয়া গেছে। এ বিষয়ে ভোটাররা যখন কেন্দ্রে এসে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডা করেছে তখন কর্মকর্তাদের ভূমিকাও যথেষ্ট অদক্ষ মনে হয়েছে। আর তরুণ-যুবকদের অনেকের নামই ভোটার তালিকায় ওঠেনি।" পাকিস্তানের নির্বাচন-অভিজ্ঞতা থেকে বাংলাদেশের বেশ কিছু বিষয় শিক্ষণীয় আছে বলে মন্তব্য করেন অধ্যাপক চৌধুরী। তিনি বলেন, "বাংলাদেশেও স্বচ্ছ ব্যালটবাক্সে ভোটগ্রহণ হতে হবে। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। আর ভোটার তালিকা নিয়মিত হালনাগাদ করতে হবে, তা না হলে অনেক তরুণ বাদ পড়বে।" ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন এবং সশস্ত্র বাহিনীর ভ্রাম্যমাণ দল রাখার প্রস্তাব করেন তিনি। গত ১৯ ফেব্র"য়ারি পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে পিপিপি ৮৭টি, নওয়াজের পিএমএল-এন ৬৬টি, মুশাররফপন্থী পিএমএল-কিউ ৩৯টি, সিন্ধুভিত্তিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৯টি, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ১০টি, ইসলামপন্থীদের জোট এমএমএ তিনটি এবং স্বতন্ত্র প্রার্থী ও অন্য ইসলামপন্থীরা মোট ৩৪টি আসন পেয়েছে। কোয়ালিশন সরকার গঠনের ব্যাপারে মুসলিম লীগ (এন) প্রধান নওয়াজ শরীফ ও পিপিপি নেতা জারদারির মধ্যে সমঝোতা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/২১২৫ঘ.